জবি প্রতিনিধি:
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) ও বিবিএ দ্বিতীয় মেধাতালিকার ভর্তি সম্পন্ন হয়েছে। দ্বিতীয় মেধাতালিকার ভর্তি শেষে বিশ্ববিদ্যালয়টিতে ১২৬টি আসন ফাঁকা রয়েছে।
বুধবার (৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন সমন্বিত ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্য।
উজ্জ্বল কুমার বলেন, পরীক্ষা পরবর্তী দ্বিতীয় মেধাতালিকা থেকে ভর্তি শেষ হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত কোটা ব্যতীত দুই হাজার ৬৩৯ এবং কোটাসহ মোট দুই হাজার ৮০৬ জন ভর্তি হয়েছেন। তবে কোন ইউনিটে (বিজ্ঞান, ব্যবসা, মানবিক) কতজন ভর্তি হয়েছেন সে ব্যাপারে কিছু জানাননি তিনি।
প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে মোট আসন রয়েছে দুই হাজার ৭৬৫টি। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি হয়েছেন দুই হাজার ৬৩৯ জন শিক্ষার্থী। এখনো ১২৬টি আসন ফাঁকা রয়েছে।
গুচ্ছভুক্ত দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম মেধাতালিকার ভর্তি গত ২২ জুলাই শুরু হয়ে ২৬ জুলাই পর্যন্ত চলে। নির্ধারিত সময়ে প্রতিটি ইউনিটে অনলাইনে টাকা জমা দিয়ে প্রাথমিকভাবে ভর্তি হওয়া শিক্ষার্থীরা সংশ্লিষ্ট অনুষদের ডিন অফিসে প্রাপ্তিস্বীকারপত্র প্রদর্শনপূর্বক সংশ্লিষ্ট কাগজপত্র জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেন। এবছর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি কার্যক্রম তিন ধাপে শেষ করার পরিকল্পনা রয়েছে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির।
Leave a Reply