বশেমুরবিপ্রবি প্রতিনিধি ;
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগ সংশ্লিষ্টদের সংগঠন ইন্টারন্যাশনাল ভেটেনারি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (আইভিএসএ) আয়োজনে বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্পেইন ও ভ্যাক্সিনেশন অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ সদর উপজেলার স্থানীয় গোবরা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই আয়োজন করা হয়।
এই কার্যক্রমে অর্ধশতাধিক গবাদি পশুর বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ ও ভ্যাকসিন প্রদান করা হয়। এ সময়ে স্থানীয় খামিরিদের নিয়মিত পশুর স্বাস্থ্য পরীক্ষা ও টিকা প্রদানের বিষয়ে প্রচারণা চালানো হয়। ক্যাম্পেইনে সংশ্লিষ্ট বিভাগের সহকারী অধ্যাপক মোসা.হুর-ই-জান্নাত ও ড. মর্জিয়া আফরোজসহ বিশ্ববিদ্যালয়ের আইবিএসএ শাখার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সেবা নিতে আসা খামারিরা এই ক্যাম্পেইনকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখেছেন। তাদের মতে, এই ক্যাম্পেইনের মাধ্যমে তারা তাদের গবাদি প্রাণীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পেরেছেন।
এ বিষয়ে আইসিএমএ বশেমুরবিপ্রবি শাখার সভাপতি মো. মহসিন হুসাইন বলেন, আমরা প্রান্তিক খামারিদের মধ্যে বিনামূল্যে ভেটেরিনারি সেবা এবং প্রাণীদের বিভিন্ন রোগের প্রতিরোধের সুরক্ষা হিসেবে সেবা প্রদান করেছি। পরবর্তীতে এসব খামারিরা যেন নিরাপদ খাদ্য উৎপাদন করতে পারে সে বিষয়ে আমরা কাজ করে যাব।
এ বিষয়ে সহকারী অধ্যাপক মোসা. হুর-ই-জান্নাত বলেন, এ ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা পশু স্বাস্থ্য ও রোগ বিষয়ে বাস্তবিক জ্ঞান লাভ করতে পারছে। পাশাপাশি এর মাধ্যমে গ্রামের খামারিরা উপকৃত হচ্ছেন। এ বিষয়ে আমরা সবসময় তাদের সার্বিক সহায়তা করে যাব।
Leave a Reply