কুমিল্লাপ্রতিনিধি:
কুমিল্লা সিটির মেয়র পদে উপ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর উর রহমান মাহমুদ তানিম বলেছেন-আমি বলবো মহানগর আওয়ামী লীগের প্রার্থী একজন নয়, প্রার্থী দুই জন। একজন সাংগঠনিক সম্পাদক, আরেকজন উপদেষ্টা। আমি বলবো – দুই জন প্রার্থী।
নিজেকে মহানগর আওয়ামী লীগের প্রার্থী দাবি করে- তিনি বলেন, আমি প্রথম কমিটিতেও ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ছিলাম, দ্বিতীয় কমিটিতে আমি উপদেষ্টা। তাহলে আমি কেন বলবো না- আমি মহানগর আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করি। আমিও এই মহানগরের রাজনীতি করি। প্রথম কমিটিতেও প্রধানমন্ত্রীর নির্দেশে আমার নামটি লেখা হয়েছে, দ্বিতীয় কমিটিতেও উনার কনসার্ন নিয়ে আমার নাম লেখা হয়েছে। সুতরাং আমি মহানগর আওয়ামী লীগের অংশ। আমি স্পষ্ট বলে দিতে চাই- মহানগর আওয়ামী লীগের প্রার্থী দুই জন।
তানিম বলেন, আমি যে দৃঢ় প্রত্যয় ও প্রত্যাশা নিয়ে নির্বাচনের মনোনয়ন জমা দিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আমাদের মাতৃতুল্য নেত্রী আমাদের জন্য যে সুযোগ করে দিয়েছেন-সেই সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী ও কেন্দ্রিয় আওয়ামী লীগের সদস্যবৃন্দকে ধন্যবাদ জানাই। কারন আপনার জানেন, একটি প্রতিযোগিতামূলক নির্বাচনের মধ্য দিয়ে নেতৃত্ব সৃষ্টি হয়। গত জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র অনেকে এমপি নির্বাচিত হয়েছেন এবং প্রত্যেকে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন। আজকে আমি মনে করি কুমিল্লা এবং অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনে মার্কাবিহীন দলীয় সমর্থন বিহীন যে সিদ্ধান্ত দলের, তার কারণে দলের তৃণমূলের জনপ্রিয় নেতাকর্মীরা তাদের প্রমান করতে পারবে এবং সমাজে আওয়ামী লীগের নেতৃত্বে তারা আসতে পারবে। সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
তিনি বলেন, একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের জন্য কুমিল্লার মানুষ প্রস্তুত রয়েছে। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সবচেয়ে বেশি দায়িত্ব সাংবাদিকদের। তাই সত্য প্রকাশের জন্য সাংবাদিকদের সহযোগিতা চাই।
তিনি আরো বলেন, এই শহরে আমি বেড়ে উঠেছি। এই শহরের ঘাস-লতাপাতা, ধুলোবালির মধ্যেই আমার সব কিছু। তাই কুমিল্লার মানুষের কাছে আমার আহ্বান রইলে- একটি বারের জন্য আমাকে সুযোগ দেন। কুমিল্লার মানুষের কাছে আমার স্বপ্নগুলো তুলে ধরতে চাই, স্বপ্নগুলো কুমিল্লার মানুষের জন্য বাস্তবায়ন করতে চাই।
সাংবাদিকদের সহযোগিতা চেয়ে নূর উর রহমান মাহমুদ তানিম বলেন, জনগণের ভোটে পরাজিত হলেও আমার কষ্ট নেই, যদি ভোট সুষ্ঠু হয়। স্বচ্ছ এবং সুন্দর হয়। আমরা দেখছি নির্বাচন কমিশন সচেষ্ট রয়েছে, প্রশাসন সচেষ্ট রয়েছে।
Leave a Reply