নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মতিঝিল এলাকার ক্লাব পাড়ায় অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল থানা পুলিশ। অভিযান চালিয়ে ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাব থেকে ৪৫ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে এই অভিযান চালানো হয়।
বিষয়টি নিয়ে আজ বুধবার (২২ মে) বিকেল পর্যন্ত সাংবাদিকদের কোনো তথ্যই জানানো হয়নি। অথচ অন্যান্য দিনে ছোটখাটো অভিযান চললে বা কয়েক গ্রাম গাঁজা আটক হলেও সেটার আপডেট এবং যাবতীয় তথ্য দিয়ে ডিএমপির মিডিয়া বিভাগ ও থানা পুলিশ থেকে খুদে বার্তা দিয়ে অথবা বিস্তারিত জানানো হয়।
কিন্তু মঙ্গলবারের অভিযানের বিষয়ে গণমাধ্যমকে জানানো হয়নি। ফলে বিষয়টি চাপা পড়ে যাওয়ার মতো। তবে আজ বিকেলে যুগ-যুগান্তর কাছে এ বিষয়ে তথ্য আসে। পরে বিষয়টি সম্পর্কে জানতে মতিঝিল থানার ওসি আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল।
তিনি যুগ-যুগান্তরকে বলেন, ক্লাবগুলো রাত ১১টা পর্যন্ত চলার কথা। কিন্তু তারা ১২টা-১টা পর্যন্ত ক্লাবগুলো খোলা রাখেন ও আড্ডা দেন। এজন্য অভিযান চালানো হয়েছিল। অভিযানে ৪৫ জনকে আটক করা হয়। আজ তাদেরকে প্রসিডিউশন দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে ক্লাবপাড়ার সূত্রগুলো জানিয়েছে, অভিযানের সময় সেখান থেকে ৬৫ জনকে আটক করে পুলিশ। তবে ৬৫ জনকে আটকের বিষয়টি অস্বীকার করেন ওসি।
জানা যায়, অভিযানের সময় সেখানে ক্লাবের স্বঘোষিত সভাপতি মাখনও ছিল। অভিযানের বিষয়টি টের পেয়ে তিনি দ্রুত ক্লাব থেকে বেরিয়ে যান। এরপর তাকে আর আটক করতে পারেনি পুলিশ।
Leave a Reply