নিজস্ব প্রতিবেদক
মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল এলাকা। এ অঞ্চলে এক কাঠা জমি কিনতে গুনতে হয় এক কোটি টাকার বেশি। কিন্তু বৃষ্টি হলেই তলিয়ে যায় এ এলাকার রাস্তা ঘাট-বসতবাড়ি।
শুক্রবার (১২ জুলাই) সকালে মোহাম্মদপুরের মোহাম্মদীয়া হাউজিং লিমিটেড, নবোদয় হাউজিং এলাকায় জলাবদ্ধতায় জনভোগান্তি চরমে পৌঁছেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সকাল পৌনে আটটা থেকে বৃষ্টি শুরু হয়। এক ঘণ্টার বৃষ্টিতে রামচন্দ্রপুর খাল ভরে যায়।
মোহাম্মদীয়া হাউজিং লিমিটেডের চায়ের দোকানি ওবায়দুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, বৃষ্টি শুরু হওয়ার এক ঘণ্টা পর খাল ভরে পানি ওয়াকওয়েতে চলে আসছে। আস্তে আস্তে পানি বাড়তেছে।
একই এলাকার বাসিন্দা মিজানুর রহমান ঢাকা মেইলকে বলেন, এই এলাকায় এক কাঠা জমির দাম এক কোটি থেকে সোয়া কোটি টাকা। কিন্তু অবস্থা দেখেন! বৃষ্টি হইলেই রাস্তায় পানি উঠে যায়। খাল ভরে পানি রাস্তায় চলে আসছে। রাস্তার পাশের দোকানেও পানি ঢুকছে।
লিমিটেড ৩নং সড়কের কয়েকটি নিচু বাড়িতে ঘরে ঘরে পানি দেখা গেছে। জলাবদ্ধতার কারণে এসব বাড়ির বাসিন্দারা সকালেই বাসা ত্যাগ করেছেন বলে জানা গেছে।
একই চিত্র নবোদয় হাউজিং এলাকায়। নবোদয় হাউজিং সি ব্লক, নবোদয় লোহার গেট থেকে শুরু করে নবোদয় বাজার পর্যন্ত মূল সড়কে এক হাঁটু পানি। রাস্তার দুই পাশের দোকানপাটের মধ্যেও এক হাঁটু পানি ঢুকেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, নবোদয় হাউজিং এলাকার মূল সড়কের জায়গায় জায়গায় ছোট-ছোট খানাখন্দ। ফলে পানির নিচে ডুবে থাকা সড়কে পায়ে হেঁটে চলা মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।
Leave a Reply