, কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
হত্যাচেষ্টার দায়ে করা এক মামলায় বুধবার (২১ আগস্ট) বেলা সাড়ে তিনটার দিকে র্যাবের একটি দল কক্সবাজারের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত টেকনাফে হাজির করলে বিচারক হামিমুন তানজিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতে উপস্থিত থাকা আইনজীবী মোহাম্মদ শাহীন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, টেকনাফ থানায় করা একটি হত্যা মামলায় সার্চ ওয়ারেন্টমূলে র্যাব আবদুর রহমান বদিকে আদালতে হাজির করেন। আদালতে উপস্থিত পুলিশ কর্মকর্তা টেকনাফ থানার তদন্তকারী পুলিশ কর্মকর্তা রিমান্ডের একটি আবেদন পাঠানো হচ্ছে বলে আদালতকে অবহিত করেন। কিন্তু রিমান্ডের আবেদনটি আদালতে না পৌঁছায় বদিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে আবেদন পাওয়ার পর রিমান্ড শুনানি হবে বলে জানান বিচারক।
টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গণি জানান, গত ১৯ আগস্ট কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ, তার ভাই টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ, অপর ভাই আবদুর রহমান বাদী হয়ে পৃথকভাবে তিনটি মামলা করেছেন।
গত ৫ আগস্ট রাতে তাদের পরিবারের মালিকাধীন টেকনাফের আলী উল্লাহ আলো শপিং কমপ্লেক্স, হোটেল নাফ কুইন ও আব্দুল্লাহ ব্রাদার্স ফিলিং ও গ্যাস স্টেশনে হামলা ভাঙচুর ও লুটপাট, হত্যার চেষ্টার ঘটনায় তিন ভাই মামলা করেন। যেখানে উখিয়া-টেকনাফের সাবেক এমপি আবদুর রহমান বদি, সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদ, জাফরের ছেলে টেকনাফ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহানসহ ১৫০ জনের বেশি মানুষকে আসামি করা হয়েছে।
মামলার প্রধান আসামি আবদুর রহমান বদিকে আদালতে উপস্থাপন করা হচ্ছে জেনে তদন্তকারী কর্মকর্তা ৫ দিনের রিমান্ডের আবেদন করেন।
উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে মঙ্গলবার রাতে চট্টগ্রাম শহর থেকে আটক করে র্যাবের একটি দল। সীমান্তের বহুল আলোচিত সাবেক এই এমপি মাদক, মানবপাচারসহ নানা অপরাধ জগতের প্রধান ডন হিসেবে পরিচিত।
Leave a Reply