পঞ্চগড়প্রতিনিধি,
সীমান্তে বিএসএফের গুলিতে এক কিশোর নিহতের ঘটনায় বিজিবির ‘কড়া প্রতিবাদের’ পর দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এছাড়া বিজিবির রংপুর রিজিয়ন ও বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের মধ্যে সৌজন্য বৈঠকে সীমান্ত হত্যার তীব্র নিন্দা জানিয়েছে বিজিবি।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বাংলাবান্ধা-ফুলবাড়ী চেকপোস্টে বিএসএফের সঙ্গে বৈঠকে এ প্রতিবাদ জানানো হয় বলে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউল হক এক প্রেস বিজ্ঞোপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
এতে বলা হয়, বৈঠকে ওই কিশোরকে হত্যার জন্য বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে সীমান্তে বাংলাদেশের নাগরিকদের ওপর আর গুলি চালানো হবে না বলে আশ্বস্ত করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে গত ৯ সেপ্টেম্বর বাংলাদেশি কিশোর জয়ন্ত কুমার সিংহকে (১৫) গুলি করে হত্যা করে বিএসএফ।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ-ভারত সীমান্তের বাংলাবান্ধা-ফুলবাড়ী আইসিপি (ইন্টিগ্রেটেড চেকপোস্ট) সংলগ্ন ভারতের ফুলবাড়ী এলাকায় বিজিবির রংপুর রিজিয়ন এবং বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের মধ্যে সৌজন্য বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এতে বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান ও ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ তৌহিদুর রহমান এবং বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি সুরিয়া কুমার শর্মা, শিলিগুড়ি ও কিশানগঞ্জ সেক্টরের ডিআইজিসহ দুই বাহিনীর অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে সীমান্ত হত্যা নিয়ে কড়া প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছে বিজিবি। পরে বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি এ অনাকাঙ্খিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। ভবিষ্যতে বিএসএফ সীমান্তে কোনো বাংলাদেশি নাগরিকের ওপর গুলি চালাবে না বলে তিনি বিজিবি প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন।
Leave a Reply