হবিগঞ্জ প্রতিনিধি,
পূর্ব বিরোধের জেরে হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।
রোববার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার মন্দরী গ্রামের পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান বানিয়াচং থানার ওসি কবির হোসেন।
নিহত সাহাব উদ্দিন (৩৭) ওই গ্রামের আলিম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মন্দরী গ্রামের পাশে একটি বিল নিয়ে আলিম উদ্দিনের সঙ্গে একই গ্রামের শুকুর আলীর বিরোধ চলে আসছিল। এ ঘটনার জেরে দুপুরে আলিম উদ্দিনের ছেলে সাহাব উদ্দিনকে একা পেয়ে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি কবির হোসেন জানান, দু’পক্ষের মধ্যে পূর্ববিরোধ ছিল। এ ঘটনার জেরে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply