নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের ছাত্র-জনতার বিজয় পৃথিবীর ইতিহাসে একটি রোমান্টিক রেভ্যুলেশন হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, ছাত্রদের হাত ধরেই ভাষা আন্দোলন, এর মধ্যদিয়ে ৬৯ গণঅভ্যুত্থান, এর মধ্যে ৯০ এর আন্দোলন এবং ২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হয়েছে। এ ইতিহাস ভুলে গেলে চলবে না। ছাত্র-জনতার হাত ধরে যে বিপ্লব হয়েছে আমি বিশ্বাস করি, পৃথিবীর ইতিহাসে একদিন এই বাংলাদেশের ছাত্র-জনতার বিজয় একটি রোমান্টিক রেভ্যুলেশন হয়ে উঠবে।
শনিবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ভাষা আন্দোলনের সিপাহসালার ও দেশবরেণ্য জাতীয় নেতা অলি আহাদের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন। ডেমোক্রেটিক লীগ (ডিএল) এবং অলি আহাদ স্মৃতি সংসদ এ স্মরণসভার আয়োজন করে।
মঈন খান বলেন, বিগত আড়াই মাসে অনেক জায়গায় বিভেদ আবার সাম্য দুটোই তৈরি হয়েছে। জনগণের সত্যিকার মুক্তির যে প্রক্রিয়া, আমরা সেই প্রক্রিয়ায় আছি। যে মুক্তির জন্য অলি আহাদ জীবনবাজি রেখেছিলেন, আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন, আজ এই দিনে এসে মনে হচ্ছে, আমরা সেই রোমান্টিক রেভ্যুলেশনের ধারাবাহিকতাকে সামনে এগিয়ে নিচ্ছি। আমি বিশ্বাস করি, কিউবার মতো সেই রোমান্টিক রেভ্যুলেশন বাংলাদেশে ব্যর্থ হবে না।
সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, দেশের মানুষ লড়াই করে স্বৈরাচারকে হারিয়েছে। দেশ এমনভাবে পচে গেছে, সেজন্য সংস্কার করতে হবে।
সভায় আরও বক্তব্য দেন- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ, কবি আব্দুল হাই সিকদার, ব্যারিস্টার রুমিন ফারহানা, জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির (এনজিপি) সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমু প্রমুখ।
Leave a Reply