জ্যেষ্ঠ প্রতিবেদক
রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভার থেকে সোহেল মিয়া (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে যাত্রাবাড়ী ফ্লাইওভারের ধোলাইপাড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
শুক্রবার (১ নভেম্বর) সকালে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় যাত্রাবাড়ী থানা পুলিশ।
জানা যায়, সোহেল মিয়া পেশায় একজন গাড়িচালক ছিলেন। তার নিজের গাড়ি তিনি নিজেই চালাতেন।
যাত্রাবাড়ী থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আমির হোসেন জানান, তারা রাতে খবর পান গুলিস্তান ফ্লাইওভার ওপর একজনের মরদেহ পড়ে আছে। পরে তারা সেখানে গিয়ে তার মরদেহটি উদ্ধার করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, মৃত সোহেলের মাথা, কপাল, ডান চোখ ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
এদিকে, সোহেলের আত্মীয় হাবিবুর রহমান গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার সবুজবাগের উত্তর বাসাবো ঝিলপাড় গ্যারেজে তার গাড়িটি মেরামতের জন্য যান। সেখানে গ্যারেজের মালিক রুবেল তাকে কিছু পার্টস লাগবে বলে জানান। পরে তার সাথে একজনকে পাঠান। কিন্তু পরে তার ফোনটি বন্ধ পান তিনি। এ ঘটনার পর সোহেলের স্ত্রী শারমিন সবুজবাগ থানায় জিডি করেন। এরপর তারা সকালে খবর পান সোহেলের মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে।
Leave a Reply