জ্যেষ্ঠ প্রতিবেদক
মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পাঁচ পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। গ্রেফতাররা হলেন- শরিফুল ইসলাম পিয়াল (২৬), মশিউর রহমান মানিক (২৮), রাসেল সরদার (২২), মামুন হোসেন নাঈম (২৮) ও মুন্না হোসাইন (২৫)।
বৃহস্পতিবার মশিউর, রাসেল, মামুন ও মুন্নাকে রায়ের বাজার পাবনা হাউজিং গলি ও হোসেন সাহেবের গলি থেকে এবং শুক্রবার রাতে শরিফুলকে মোহাম্মদপুর থানা এলাকা থেকে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে থানা এলাকায় ছিনতাইকারী গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে বিশেষ অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের বিভিন্ন ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতার কথা তারা স্বীকার করেছেন।
রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, বিভিন্ন থানায় মো. শরিফুল ইসলাম পিয়াল এর নামে সাতটি, মো. মশিউর রহমান মানিক এর নামে পাঁচটি, রাসেল সরদার এর নামে তিনটি এবং মো. মামুন হোসেন নাঈম ও মুন্না হোসাইন এর নামে দুটি করে ছিনতাইয়ের মামলা রয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply