নিজস্ব প্রতিবেদক
১৫ আগস্ট সামনে রেখে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সন্দেহে দুইজনকে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ। পাশাপাশি, পুরো এলাকায় পুলিশের কঠোর নিরাপত্তা জোরদার করে সাঁজোয়া যান ও জলকামান উপস্থিত রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ৮টায় ধানমন্ডি ৩২ নম্বরে এমন চিত্র দেখা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুইজনকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সন্দেহে আটক করা হয়। তবে, আটক হওয়া ব্যক্তিদের যাচাই-বাছাই চলছে। যাচাই-বাছাই শেষে তাদের নাম পরিচয় প্রকাশ করা হবে।
১৫ আগস্ট উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হবেন; এমন আশঙ্কায় বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের বাড়ানো হয়েছে। পুলিশ সদস্যদের পাশাপাশি, জলকামান ও উচ্চ ঝুঁকি সম্পন্ন এলাকায় টহলের জন্য ব্যবহৃত আর্মাড পার্সোনাল ক্যারিয়ার (এপিসি) রাখা হয়েছে।
ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) ক্যশৈন্যু মারমা জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সন্দেহে লোকজন দুইজনকে আটক করেছে। পরে তাদের কাছ থেকে উদ্ধার করে আমরা তাদেরকে থানায় পাঠিয়ে দিয়েছি। তাদের নাম পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। তাদের কোনো সংশ্লিষ্টতা থাকলে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।
Leave a Reply