জ্যেষ্ঠ প্রতিবেদক :
বিএনপির কাছে আসন চাওয়া, পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়ে জামায়াতের আন্দোলন প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভারতের গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে দাবি করেছে বিএনপি।
মঙ্গলবার (২৩সেপ্টেম্বর) বিকেলে দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বিএনপি মহাসচিবকে নিয়ে ‘এই সময়’ সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে, যা বিভ্রান্তিকর।
শায়রুল কবির বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে জানিয়েছেন যে, ভারতের দৈনিক পত্রিকা ‘এই সময়’-এ প্রকাশিত সাক্ষাৎকারে তিনি এই ধরনের কোনো বক্তব্য দেননি। সাক্ষাৎকারের ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হলেও এটি ভুল ও বিভ্রান্তিকর।
আরও পড়ুন: ৩০ আসন না পেয়ে জামায়াত এখন বিএনপির ওপর চাপ সৃষ্টি করছে: ফখরুল
তিনি জানান, বিএনপি মহাসচিব এই ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানান এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেন। পাশাপাশি তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন, এই বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করার জন্য।
এর আগে গণমাধ্যমে ‘এই সময়’-এর সাক্ষাৎকারের বরাত দিয়ে সংবাদ প্রকাশিত হয়। যেখানে বলা হয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কাছ থেকে জামায়াতে ইসলামী ৩০টি আসনে ছাড় চেয়েছিল।
সেই প্রস্তাবে বিএনপি সম্মত না হওয়ায় দলটি এখন পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে মাঠে নেমে বিএনপির ওপর চাপ সৃষ্টি করতে চাচ্ছে। পিআর পদ্ধতি ছাড়াই জামায়াত আগামী নির্বাচনে অংশ নেবে।
এ খবর প্রকাশের পর জামায়াতের পক্ষ থেকে ইতোমধ্যে কড়া সমালোচনা করে বিবৃতিও দেওয়া হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপি মহাসচিব পরিষ্কার করেছেন, ভারতের ‘এই সময়’-এ সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে, যা বিভ্রান্তিকর। যে কথাগুলো প্রকাশিত হয়েছে, তা তিনি বলেননি বলে দাবি ফখরুলের।
Leave a Reply