নারায়ণগঞ্জ প্রতিনিধি,
নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন ডিপিডিসির একটি বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় ৬০ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে দুর্বৃত্তরা।
রোববার গভীর রাতে ফতুল্লার পিলকুনি পুলপাড় এলাকায় অবস্থিত ডিপিডিসির ‘চায়না প্রজেক্টে’ এ ঘটনা ঘটে। রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ইজিবাইক ব্যবহার করে ডাকাতরা লুটপাট করে চলে যায়। –
ঘটনাস্থলে গিয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আশিষ জানান, বিদ্যুৎকেন্দ্রে কর্মরত শ্রমিকদের পোশাক ও হেলমেট পরে ২০-২৫ জন যুবক ওই প্রজেক্টে প্রবেশ করে। তারা প্রথমে প্রজেক্টের নিরাপত্তাকর্মী কুদ্দুস, এনামুলসহ আরও দু’জন স্টাফকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে ফেলে।
এরপর তারা প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে বিদ্যুৎ কেন্দ্রের বিপুল পরিমাণ তামার তার কেটে ছোট ছোট টুকরো করে ফেলে। এসব তারের কিছু অংশ ইজিবাইকে তুলে নিয়ে রাত সাড়ে ৩টার দিকে প্রজেক্ট এলাকা ত্যাগ করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কিছু কর্মকর্তার সঙ্গে কথা বলে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিমাণ তারা জানাতে পারেননি।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (ক-অঞ্চল) হাসিনুজ্জামান জানান, এ ঘটনায় ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply