মোশাররফ করিম রুমী (কক্সবাজার)
কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের পশ্চিম গয়ালমারা এলাকায় একটি হিফজখানা থেকে মোহাম্মদ ইমন (১২) নামে এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নিহত ইমন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকার বাসিন্দা এবং সে উক্ত হিফজখানার হিফজ বিভাগের ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শী ও হিফজখানার দায়িত্বরত শিক্ষকরা জানান, সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে ঘটনাটি ঘটে। আসরের নামাজ শেষে অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকরা বাইরে গেলেও ইমন নামাজে অংশ নিলেও সহপাঠীদের সঙ্গে বের হয়নি। পরে বিকাল সাড়ে ৫টার দিকে খবর পেয়ে এলাকাবাসী ও মাদ্রাসার শিক্ষকরা ঘটনাস্থলে ছুটে আসেন।
এসময় হিফজখানার একটি লোহার তৈরি দরজার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইমনের মরদেহ দেখতে পান তারা। তাৎক্ষণিকভাবে বিষয়টি উখিয়া থানা পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে উখিয়া থানায় নিয়ে যায়। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ঘটনার পর থেকে হিফজখানায় ও আশপাশের এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। নিহতের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহম্মদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply