নারায়ণগঞ্জ প্রতিনিধি,
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত আটক
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের শিংলাবো ব্রিজ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৭ সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দলকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ছোড়া, চাপাতি ও লোহার রড উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে সড়কের পাশে এক জঙ্গলে অবস্থান নিয়ে তারা বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে জানায় পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এশিয়ান হাইওয়ে সড়কের বিভিন্ন স্থানে সন্ধ্যার পর থেকে সংঘবদ্ধ ডাকাত দল যাত্রীবাহী যানবাহনে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী লুট করে আসছিল। বিশেষ করে বিদেশফেরত যাত্রীদের বহনকারী গাড়িগুলোকে টার্গেট করে সর্বস্ব লুট করা হচ্ছিল। শুক্রবার রাত ৮টার দিকে শিংলাবো ব্রিজ এলাকায় সড়কের পাশে এক জঙ্গলে ১০–১২ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ টহলকালে টর্চলাইট জ্বালিয়ে জঙ্গলের দিকে তাকাতেই ডাকাতরা দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া দিলে এলাকাবাসীও ছুটে এসে তাদের ধরে ফেলে এবং গণধোলাই দেয়। একপর্যায়ে ডাকাতদের পুলিশ গাড়িতে তোলার সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের দিকেও ইট-পাটকেল নিক্ষেপ করে।
তালতলা তদন্ত কেন্দ্রের পরিদর্শক আবদুল হক জানান, দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাতকে আটক করা হয়েছে। গণধোলাইয়ের কারণে তারা আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply