গাইবান্ধা জেলা প্রতিনিধি,
হামলায় আহত যুবদল নেতা কাকন মিয়া (৩৫)।
গাইবান্ধার পলাশবাড়ীতে রাতের অন্ধকারে দুর্বৃত্তের অতর্কিত হামলায় কাকন মিয়া (৩৫) নামে এক যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় তার একটি আঙুল বিচ্ছিন্ন হয়।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত প্রায় ৯টার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদাহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত কাকন মিয়া উপজেলার বরিশাল ইউনিয়নের দূর্বলাগাড়ী গ্রামের মিরু মণ্ডলের ছেলে। তিনি উপজেলা যুবদলের সদস্য।
স্থানীয়রা জানায়, কাকন মিয়া ওই সময় জুনদহ বাজার এলাকায় অবস্থানকালে হঠাৎ করে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এসময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা। এ হামলায় কাকনের হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং গুরুতরভাবে জখম হওয়ার পাশাপাশি তার দুই পা ভেঙে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলার কারণ ও জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অপরদিকে উপজেলা যুবদল সভাপতি রাজু আহম্মেদ বলেন, বিরোধী দলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছে।
এ বিষয়ে পলাশবাড়ী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সামাদ মন্ডল।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply