গাইবান্ধা জেলা প্রতিনিধি,
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সড়কে একটি চলন্ত কার্গোবাহী ট্রাকের চাপা পড়ে রাজু মিয়া (৪৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার ঢাকা-দিনাজপুর সড়কের বাগদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজু মিয়া উপজেলার সাপমারা ইউনিয়নের মদনপুর গ্রামের মুছা ব্যাপারীর ছেলে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়রা জানায়, গোবিন্দগঞ্জ থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি কার্গোবাহী ট্রাক কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি উল্টে গিয়ে চালক রাজু মিয়া কার্গো ট্রাকের চাকার নিচে পিষ্ট ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: প্রতিমন্ত্রী হচ্ছেন ফারজানা শারমিন পুতুল
দুর্ঘটনায় ইজিবাইকে থাকা অপর এক যাত্রী একই ইউনিয়নের খামারপাড়া এলাকার বাসিন্দা আইয়ুব আলীকে (২৬) আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক কার্গো ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহযোগী পালিয়ে গেছে।
Leave a Reply