নিজস্ব প্রতিবেদক
ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ। ছবি: সংগৃহীত
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত রাজধানীর একটি এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিবি ও গোয়েন্দা সূত্র জানায়, তার বিরুদ্ধে ডিজিএফআইকে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ, এক-এগারোর সময় বিতর্কিত ভূমিকা এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পে অনিয়মের বিষয়ে অনুসন্ধান চলছিল। এসব অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। এর আগে গত বছরের মে মাসে শেখ মামুন খালেদ ও তার স্ত্রী নিগার সুলতানার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। তখন দুদক তাঁদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও সম্পদ সংক্রান্ত অভিযোগের অনুসন্ধানের কথা জানায়।
এর আগে গত সোমবার রাতে এক-এগারোর কুশীলবদের অন্যতম লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে ডিবি। মানবপাচারের একটি মামলায় বর্তমানে তিনি পুলিশি রিমান্ডে আছেন।
শেখ মামুন খালেদ ২০০৭-০৮ সালের সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলের শেষ দিকে ডিজিএফআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর (সিআইবি) পরিচালক ছিলেন। পরে আওয়ামী লীগ সরকারের আমলে ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ডিজিএফআইয়ের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।
Leave a Reply