নিজস্ব প্রতিবেদক:
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ভারত, নেপাল, ভুটান, থাইল্যান্ড, মালয়েশিয়াসহ আমাদের প্রতিবেশী দেশগুলো পর্যটন শিল্পে যথেষ্ট সমৃদ্ধ। নদী, সমুদ্র, পাহাড়, বন ও অপরূপ প্রকৃতির সমাহারে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশেরও পর্যটন খাতে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। মুক্তবাজার অর্থনীতির এ যুগে মানসম্পন্ন সেবা, অনুকূল পরিবেশ ও সম্মিলিত প্রয়াসের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের ন্যায় স্মার্ট ট্যুরিজম গড়ে তোলা হবে।
সোমবার (২৫ মার্চ) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের বলরুমে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সংগঠনের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, পর্যটন একটি বিরাট শিল্প। জিডিপি’তে পর্যটন খাতের অবদান বৃদ্ধিতে আটাবকে আরো গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা রাখতে হবে। নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, দেশী-বিদেশী পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ স্মার্ট ট্যুরিজমের অন্যতম উপাদান। এ লক্ষ্যে সরকার কাজ করছে। যার অন্যতম উদাহরণ হলো ট্যুরিস্ট পুলিশ প্রতিষ্ঠা করা।
আটাব-এর প্রেসিডেন্ট আবদুস সালাম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, ট্যুরিস্ট পুলিশ প্রধান এডিশনাল আইজিপি (ভারপ্রাপ্ত) মো. আবু কালাম সিদ্দিক ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের। অনুষ্ঠান সঞ্চালনা করেন আটাবের সাধারণ সম্পাদক আফসিয়া জান্নাত সালেহ।এই সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন’র প্রসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডের সিটির উপদেষ্টা ও বাংলা একাডেমির আজীবন সদস্য আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
Leave a Reply