নিজস্ব প্রতিবেদক:
সাবেক ছাত্রলীগ নেতা ফুয়াদ।
ধর্ষণ মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েই ভুক্তভোগী নারীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা (আইসিটি) আইনে মামলার আবেদন করেছিলেন সাবেক ছাত্রলীগ নেতা ফুয়াদ হোসেন শাহাদাত। তবে মঙ্গলবার (২ জুলাই) সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করলেও আদালত তা খারিজ করে দিয়েছেন।
এদিন বাদীর জবানবন্দি গ্রহণ এবং দাখিলকৃত কাগজপত্র পর্যালোচনা করে কোনো সত্যতা না মেলায় মামলাটি খারিজ করে দেন সাইবার আদালতের বিচারক এ এম জুলফিকার হায়াত।
এর আগে ১ জুলাই ধর্ষণ মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফুয়াদ হোসেন শাহাদাতকে ছয় সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট।
গত ২৭ জুন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ফুয়াদ হোসেন শাহাদাতের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন একই সংগঠনের সাবেক এক নেত্রী। ইডেন কলেজের সাবেক ওই ছাত্রীর অভিযোগ, কক্সবাজারে একসঙ্গে ঘুরতে গিয়ে তিনি ধর্ষণের শিকার হয়েছেন। এরপর একাধিকবার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করা হয়। ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন তিনি।
বাদীর জবানবন্দি গ্রহণ করে এজাহারকে নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করতে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন বিচারক।
Leave a Reply