1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

জাতীয় প্রেস ক্লাবে ডায়াবেটিস গবেষণায় জাতীয় এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠা সময়ের দাবি

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির কোষাধ্যক্ষ ও ঢাকা মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মির্জা শরিফুজ্জামান বলেছেন, দেশে ডায়াবেটিস গবেষণায় জাতীয় এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠা সময়ের দাবি।

 

তিনি বলেন, দেশে হৃদ্‌রোগ, কিডনি, চক্ষু, পরিপাকতন্ত্র ও মানসিক স্বাস্থ্যসেবার জন্য পৃথক জাতীয় বিশেষায়িত প্রতিষ্ঠান থাকলেও ডায়াবেটিস ও অন্যান্য হরমোনজনিত রোগের চিকিৎসা, গবেষণা এবং ব্যবস্থাপনার জন্য এখনো কোনো জাতীয় এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়নি। অথচ এসব রোগের ব্যাপকতা ও জটিলতা বিবেচনায় এ ধরনের একটি প্রতিষ্ঠান অত্যন্ত জরুরি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

ডা. মির্জা শরিফুজ্জামান বলেন, এন্ডোক্রাইন বা হরমোনজনিত রোগ বলতে শুধু ডায়াবেটিসকে বোঝায় না। এর আওতায় থাইরয়েড, পিটুইটারি, অ্যাড্রেনাল, ক্যালসিয়াম ও হাড়ের বিভিন্ন রোগ, স্থূলতা, অস্টিওপোরোসিস, ভিটামিন-ডি ঘাটতি, পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস), বন্ধ্যাত্ব এবং শিশুদের বৃদ্ধি ও হরমোনজনিত সমস্যাও রয়েছে। বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় দেড় কোটি। পাশাপাশি থাইরয়েডজনিত সমস্যায় আক্রান্ত মানুষের সংখ্যাও কয়েক কোটি বলে ধারণা করা হয়।

 

তিনি বলেন, অনেক সময় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না আসা, শরীরে ক্যালসিয়ামের অস্বাভাবিকতা, হাড়ের রোগ কিংবা লবণের ভারসাম্যহীনতার পেছনে হরমোনজনিত কারণ থাকে। আবার অন্য রোগের চিকিৎসায় ব্যবহৃত স্টেরয়েডের কারণে ডায়াবেটিসের ঝুঁকি বা মাত্রা বেড়ে যেতে পারে। ডায়াবেটিসের সঙ্গে অন্যান্য হরমোনজনিত রোগ যুক্ত হলে চিকিৎসাও জটিল হয়ে ওঠে। তাই এসব সমস্যাকে আলাদাভাবে না দেখে সমন্বিত চিকিৎসাব্যবস্থার আওতায় আনা প্রয়োজন।

তিনি আরও বলেন, একটি জাতীয় এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হলে এন্ডোক্রাইনোলজিস্ট, শিশু এন্ডোক্রাইনোলজিস্ট, ডায়েটিশিয়ান, চক্ষু, কিডনি ও হৃদরোগ বিশেষজ্ঞ, প্রসূতি বিশেষজ্ঞ এবং ফুট-কেয়ার বিশেষজ্ঞদের সমন্বয়ে একই ছাদের নিচে চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে। বিশেষ করে ডায়াবেটিক ফুটসহ বিভিন্ন জটিলতায় বহুবিভাগীয় চিকিৎসা কার্যকর ভূমিকা রাখতে পারে। এতে রোগীদের এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছোটাছুটি, সময় ও ব্যয় কমবে। পাশাপাশি অঙ্গচ্ছেদের মতো গুরুতর জটিলতা প্রতিরোধেও সহায়তা করবে।

দক্ষ জনবল তৈরি ও প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, দেশে এন্ডোক্রাইনোলজিস্টের সংখ্যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। শুধু বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করলেই হবে না; ডায়াবেটিস নার্স, ডায়াবেটিস এডুকেটর, ডায়েটিশিয়ান ও অন্যান্য প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীও তৈরি করতে হবে। রোগীকে ইনসুলিন ব্যবহারের নিয়ম, খাবারের সঙ্গে ইনসুলিনের মাত্রা সমন্বয়, রক্তে গ্লুকোজ পর্যবেক্ষণ এবং জীবনযাপন পদ্ধতি সম্পর্কে যথাযথ শিক্ষা দেওয়া জরুরি। এ জন্য উচ্চতর প্রশিক্ষণ, ফেলোশিপ, নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ এবং জেলা পর্যায়ে চিকিৎসকদের মেন্টরিংয়ের ব্যবস্থা থাকা প্রয়োজন। জাতীয় এন্ডোক্রাইন ইনস্টিটিউট এ ক্ষেত্রে কেন্দ্রীয় প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে পারবে।

 

দেশীয় গবেষণা ও জাতীয় তথ্যভান্ডার তৈরির ওপর গুরুত্বারোপ করে ডা. মির্জা শরিফুজ্জামান বলেন, বর্তমানে চিকিৎসার ক্ষেত্রে আন্তর্জাতিক বিভিন্ন গাইডলাইন অনুসরণ করা হলেও বাংলাদেশের মানুষের জীবনযাপন, খাদ্যাভ্যাস, আর্থসামাজিক অবস্থা ও রোগের বৈশিষ্ট্য বিবেচনায় নিজস্ব গবেষণার প্রয়োজন রয়েছে। বিশেষ করে দক্ষিণ এশীয় জনগোষ্ঠীর তুলনামূলক কম বিএমআইয়ে এবং কম বয়সে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার প্রবণতা, থাইরয়েড ও আয়োডিনের অবস্থা, ভিটামিন-ডি ঘাটতি এবং হাড়ের স্বাস্থ্য নিয়ে আরও গবেষণা প্রয়োজন।

তিনি বলেন, দেশের বিভিন্ন চিকিৎসক ও গবেষক ব্যক্তিগত উদ্যোগে গুরুত্বপূর্ণ গবেষণা করছেন। তবে এসব গবেষণার তথ্য জাতীয় পর্যায়ে সমন্বিতভাবে সংরক্ষণ ও বিশ্লেষণের সুযোগ সীমিত। একটি জাতীয় প্রতিষ্ঠান গড়ে উঠলে ডায়াবেটিস ও অন্যান্য হরমোনজনিত রোগের প্রকৃত বিস্তার, ঝুঁকির কারণ, চিকিৎসার ফলাফল এবং জটিলতা নিয়ে জাতীয় রেজিস্ট্রি, জনগোষ্ঠীভিত্তিক দীর্ঘমেয়াদি গবেষণা ও বায়োব্যাংক প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এর মাধ্যমে বাংলাদেশের মানুষের উপযোগী চিকিৎসা নির্দেশিকা ও জাতীয় গাইডলাইন প্রণয়ন সহজ হবে।

জন্মগত হাইপোথাইরয়েডিজমের মতো রোগের প্রাথমিক শনাক্তকরণের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, সময়মতো রোগ শনাক্ত করে যথাযথ চিকিৎসা দেওয়া গেলে শিশুদের বুদ্ধিবৃত্তিক বিকাশজনিত ক্ষতি প্রতিরোধ করা সম্ভব। এ জন্য নবজাতক স্ক্রিনিং, রোগ শনাক্তকরণ ও নিয়মিত ফলোআপ কার্যক্রমের জাতীয় পর্যায়ে সমন্বয় প্রয়োজন।

জাতীয় স্বাস্থ্যনীতি ও রোগ প্রতিরোধের বিষয়ে তিনি বলেন, ডায়াবেটিস শুধু একটি স্বতন্ত্র রোগ নয়; এটি হৃদ্‌রোগ, কিডনি রোগ, চোখের জটিলতা ও স্ট্রোকসহ বিভিন্ন অসংক্রামক রোগের গুরুত্বপূর্ণ ঝুঁকির কারণ। ডায়াবেটিস ও হরমোনজনিত রোগ প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং যথাযথ নিয়ন্ত্রণ নিশ্চিত করা গেলে এসব জটিলতার ঝুঁকি ও চিকিৎসাব্যয় কমানো সম্ভব। এ ক্ষেত্রে জাতীয় প্রতিষ্ঠানটি রোগ ব্যবস্থাপনার পাশাপাশি জাতীয় গাইডলাইন প্রণয়ন, চিকিৎসাসেবার মান নির্ধারণ এবং ওষুধ ও চিকিৎসা-সংশ্লিষ্ট যন্ত্রপাতি সাশ্রয়ীভাবে সংগ্রহের বিষয়ে তথ্যভিত্তিক নীতিগত সহায়তা দিতে পারবে।

তিনি বলেন, দেশে রোগীর সংখ্যা অনেক বেশি হলেও বিশেষজ্ঞ চিকিৎসক, প্রশিক্ষিত জনবল ও স্বাস্থ্যসেবার বাজেট সীমিত। তাই শুধু রোগ হওয়ার পর চিকিৎসা দেওয়ার পরিবর্তে প্রতিরোধ ও প্রাথমিক শনাক্তকরণের ওপর গুরুত্ব দিতে হবে। এতে সীমিত স্বাস্থ্যসম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।

সরকারের কাছে প্রত্যাশা জানিয়ে ডা. মির্জা শরিফুজ্জামান বলেন, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি দীর্ঘদিন ধরে জাতীয় এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তাঁরা বিষয়টির প্রতি আন্তরিকতা প্রকাশ করেছেন এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন। এ ছাড়া ইনস্টিটিউট প্রতিষ্ঠার একটি প্রস্তাবনা ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, দেশে ডায়াবেটিস ও অন্যান্য হরমোনজনিত রোগের ব্যাপকতা এবং জনস্বাস্থ্যের ওপর এর প্রভাব বিবেচনায় সরকার দ্রুত এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেবে।

পরিশেষে তিনি বলেন, ডায়াবেটিসের সঙ্গে বিভিন্ন হরমোনজনিত রোগ ও দীর্ঘমেয়াদি জটিলতা জড়িত। সঠিক সময়ে রোগ শনাক্তকরণ, সমন্বিত চিকিৎসা, রোগীকে সচেতন করা এবং নিয়মিত ফলোআপের মাধ্যমে এসব জটিলতার বড় অংশ প্রতিরোধ করা সম্ভব। তাই চিকিৎসাসেবা, প্রশিক্ষণ, গবেষণা ও নীতিনির্ধারণ—এই চারটি ক্ষেত্রকে একীভূত করে জনগণের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জাতীয় এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠায় সরকার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে তিনি প্রত্যাশা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..