নীলফামারী জেলা প্রতিনিধি :
সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ প্রকৃত উপকার ভোগী নির্বাচনের প্রত্যাশা ও সম্ভাব্য উপকারভোগী নির্বাচনের লক্ষ্যে নীলফামারীতে মাঠপর্যায়ে জরিপ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার
(১৭/নভেম্বর/২০২৬ইং) সকালে নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে এ জরিপ কার্যক্রম শুরু করেন সংশ্লিষ্টরা।
জরিপ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে ওই ওয়ার্ডের মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আনুষ্ঠানিকভাবে জরিপ কার্যক্রমের সূচনা করা হয়। এ সময় সংশ্লিষ্টরা সম্ভাব্য উপকারভোগী পরিবারের আর্থসামাজিক অবস্থা ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহের বিষয়ে আলোচনা করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচি নিম্নআয়ের ও অসচ্ছল পরিবারের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হতে পারে। তবে প্রকৃত দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন।
সমাজকর্মীদের মতে, সঠিক তথ্য তুলে ধরে যাচাই-বাছাইয়ের মাধ্যমে উপকারভোগী নির্বাচন করা হলে কর্মসূচির সুফল প্রকৃত অভাবী মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে। এ জন্য জরিপ কার্যক্রম নিরপেক্ষ ও নির্ভুলভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির বলেন, জরিপের মাধ্যমে সম্ভাব্য উপকারভোগীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রকৃত অসচ্ছল ও যোগ্য পরিবারগুলো যাতে এ কর্মসূচির আওতায় আসতে পারে, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মেসবাউল ইসলাম শাহ টুলু, সদর উপজেলা কৃষক দলের সভাপতি শেফাউল আলম চৌধুরী লুলু, ইটাখোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান চৌধুরী, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন শাহ মিলন, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ও সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা।
স্থানীয়দের প্রত্যাশা, জরিপের মাধ্যমে প্রকৃত উপকারভোগী চিহ্নিত করে ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিত করা হবে।