1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

পঞ্চগড়ে মেঘে ঢাকা আর ঘন কুয়াশায় বাড়ছে শীতের অনুভূতি।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৫০ বার পঠিত

পঞ্চগড় জেলা প্রতিনিধি:

হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাস, ঘন কুয়াশা আর মেঘাচ্ছন্ন আকাশে বদলে গেছে পঞ্চগড়ের প্রকৃতি। দিনভর সূর্যের দেখা না মেলায় উত্তরের সীমান্তবর্তী এ জেলায় বাড়তে শুরু করেছে শীতের অনুভূতি। দিনের তাপমাত্রা কমে আসায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষসহ বিভিন্ন পেশার শ্রমজীবীরা।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত এক সপ্তাহ ধরে জেলার তাপমাত্রা ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করলেও দিনের তাপমাত্রা ৩২ ডিগ্রি থেকে কমে ২৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে এসেছে।

মঙ্গলবার দুপুর গড়িয়ে বিকেল হলেও সূর্যের দেখা মেলেনি। মেঘাচ্ছন্ন আকাশ ও কুয়াশার কারণে দিনের বেলাতেও অনুভূত হচ্ছে ঠান্ডা। আবহাওয়ার এমন পরিবর্তনে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ভোরে কাজে বের হওয়া শ্রমজীবী, দিনমজুর, রিকশাচালক ও কৃষকেরা। দুপুরেও অনেককে শীতের ভারী পোশাক পরে চলাচল করতে দেখা গেছে।

তেঁতুলিয়া উপজেলার শালবাহান রোডের ব্যবসায়ী হাকিম বলেন, গতকালের তুলনায় আজ শীতের তীব্রতা অনেক বেড়েছে। রাত থেকেই ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাস অনুভূত হচ্ছে। দুপুর গড়িয়ে গেলেও সূর্যের দেখা নেই। বাধ্য হয়ে এখন গরম কাপড় পরতে হচ্ছে।

বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৃষক সিয়াম বলেন, আজকের আবহাওয়া দেখে মনে হচ্ছে শীত পুরোপুরি জেঁকে বসেছে। গত দুই দিন ধরে কুয়াশার কারণে সূর্যের মুখ দেখা যাচ্ছে না। পাকা ধান কাটা, মাড়াই ও শুকানো নিয়ে আমরা দুশ্চিন্তায় পড়েছি।

পঞ্চগড় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্র নাথ রায় জানান, মঙ্গলবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

বর্তমান আবহাওয়া পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, বায়ুমণ্ডলের নিম্নস্তরে অতিরিক্ত জলীয় বাষ্পের উপস্থিতি এবং আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্যের আলো সরাসরি ভূপৃষ্ঠে পৌঁছাতে পারছে না। ফলে মাটি পর্যাপ্ত উত্তপ্ত না হওয়ায় দিনের বেলাতেও ঠান্ডা অনুভূত হচ্ছে। পাশাপাশি বাতাসের গতি কম থাকায় কুয়াশাচ্ছন্ন পরিবেশ দীর্ঘস্থায়ী হচ্ছে এবং দৃশ্যমানতাও কমে আসছে।

তিনি আরও জানান, রাতে ভূপৃষ্ঠ দ্রুত তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে যাওয়ায় বাতাসের জলীয় বাষ্প শিশিরাঙ্কে পৌঁছে ক্ষুদ্র জলকণায় পরিণত হচ্ছে। এ কারণে রাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে ঘন কুয়াশা ও শিশির পড়ার প্রবণতা দেখা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..