মোশাররফ করিম রুমী (কক্সবাজার)
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তিন হাজার ইয়াবাসহ জিয়াবুল হক ওরফে জিয়া (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি জাতীয় সাংবাদিক সংস্থা টেকনাফ শাখার সভাপতি ছিলেন বলে জানা গেছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় জিয়াবুল হক ‘প্রেস’ লেখা জ্যাকেট পরিহিত ছিলেন। এই প্রেস জ্যাকেট ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে বিশেষ কৌশলে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
স্থানীয়দের অভিযোগ, জিয়াবুল হক সাংবাদিকতার পরিচয়কে অপরাধের ঢাল হিসেবে ব্যবহার করতেন। সাংবাদিকতার নাম ভাঙিয়ে তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এছাড়া তিনি বিগত পতিত সরকারের একজন সক্রিয় কর্মী ছিলেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।
এদিকে, ইয়াবাসহ গ্রেপ্তারের পর সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে জাতীয় সাংবাদিক সংস্থার সকল পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।
কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় জেলা কমিটির সভাপতি মো. খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক মো. ওসমান গণি (ইলি) স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, ৭ জানুয়ারি থেকে এই বহিষ্কারাদেশ কার্যকর হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে তিনি জাতীয় সাংবাদিক সংস্থার নাম, পদবি বা পরিচয় ব্যবহার করতে পারবেন না।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাংবাদিকতার পেশাগত মর্যাদা রক্ষা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Leave a Reply