1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন

অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা হারাইলে উপায় কী থাকিবে?

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার পঠিত

সম্পাদকীয়

মানুষের চিকিৎসাবিজ্ঞানে অ্যান্টিবায়োটিকের আবিষ্কার এক যুগান্তকারী ঘটনা। একসময় যে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে মানুষের মৃত্যু ছিল প্রায় অবধারিত, অ্যান্টিবায়োটিক তাহাকে অনেকাংশে নিয়ন্ত্রণে আনিয়াছিল। অস্ত্রোপচার, অঙ্গ প্রতিস্থাপন, ক্যানসারের চিকিৎসা, এমনকি অপরিণত শিশুর জীবন রক্ষাতেও এই ঔষধের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখিয়াছে; কিন্তু সেই জীবনরক্ষাকারী ঔষধের কার্যকারিতাই এখন ক্রমশ কমিয়া আসিতেছে। অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর বিস্তার চিকিৎসাবিজ্ঞানের সামনে এমন এক বিপদ সৃষ্টি করিয়াছে, যাহার পরিণতি হইতে পারে সুদূরপ্রসারী। বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নজরদারি প্রতিবেদন পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট করিয়াছে। ২০২৫ সালের জুলাই হইতে ২০২৬ সালের জুন পর্যন্ত আট বিভাগে সংগৃহীত ৯৯ হাজার ৮৬৭টি নমুনা পরীক্ষায় দেখা গিয়াছে, সংক্রমণ ঘটানো জীবাণুর ৫৫ শতাংশ একাধিক অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী। আইসিইউতে এই হার ৯৩ শতাংশ। অর্থাৎ নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন রোগীদের সংক্রমণ ঘটানো প্রতি ১০০টি জীবাণুর মধ্যে ৯৩টিই একাধিক ঔষধের বিরুদ্ধে প্রতিরোধক্ষমতা অর্জন করিয়াছে। আরো উদ্বেগের বিষয়, আইসিইউতে গ্রাম-নেগেটিভ জীবাণুর বিরুদ্ধে ইমিপেনেম ও মেরোপেনেমের মতো শক্তিশালী অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কোথাও কোথাও মাত্র ৪ থেকে ৩৩ শতাংশ। চিকিৎসার শেষ ভরসা বলিয়া বিবেচিত কলিস্টিনের উপরও নির্ভরতা বাড়িতেছে।

এই সংকট বাংলাদেশের একার নহে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৫ সালের বৈশ্বিক নজরদারি প্রতিবেদনেও দেখা গিয়াছে, ২০২৩ সালে বিশ্বে প্রতি ছয়টি ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের একটির ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের ঘটনা ঘটিয়াছে। ২০১৮ হইতে ২০২৩ সালের মধ্যে নজরদারিতে থাকা জীবাণু ও অ্যান্টিবায়োটিকের সমন্বয়ের ৪০ শতাংশেরও অধিক ক্ষেত্রে প্রতিরোধক্ষমতা বৃদ্ধি পাইয়াছে। ২০১৯ সালের হিসাবে, ব্যাকটেরিয়ার অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধের সহিত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রায় ৪৯ লাখ মৃত্যুর সম্পর্ক ছিল। দ্য ল্যানসেটে প্রকাশিত ২০২৪ সালের পূর্বাভাস বলিতেছে, বর্তমান প্রবণতা অব্যাহত থাকিলে ২০৫০ সাল নাগাদ প্রতি বছর সরাসরি এই কারণে মৃত্যুর সংখ্যা ১৯ লাখ ছাড়াইতে পারে। প্রশ্ন হইল, এমন পরিস্থিতি সৃষ্টি হইল কেন? অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার, চিকিৎসকের পরামর্শ ব্যতীত ঔষধ গ্রহণ, সামান্য জ্বর-সর্দি-কাশিতেও অ্যান্টিবায়োটিক সেবন, নির্ধারিত মাত্রা ও সময় অনুসরণ না করা এবং প্রয়োজনের পূর্বে ঔষধ বন্ধ করিয়া দেওয়া ইহার অন্যতম কারণ। ভাইরাসজনিত রোগে অ্যান্টিবায়োটিকের কোনো কার্যকারিতা নাই। অথচ আমাদের দেশে এই সাধারণ সত্যটিও বহু মানুষের অজানা। ঔষধের দোকান হইতে ব্যবস্থাপত্র ছাড়াই অ্যান্টিবায়োটিক সংগ্রহের সুযোগ রহিয়াছে। অন্যদিকে, চিকিৎসকদের ব্যবস্থাপত্র বিশ্লেষণ করিয়া দেখা গিয়াছে, ৭৫ শতাংশ অ্যান্টিবায়োটিকই ওয়াচ গ্রুপের, অথচ সাধারণ সংক্রমণের জন্য তুলনামূলক নিরাপদ অ্যাকসেস গ্রুপের ব্যবহার মাত্র ১৬ শতাংশ। ইহা চিকিৎসাব্যবস্থার একটি গুরুতর অসংগতি।

সুতরাং প্রথমেই অ্যান্টিবায়োটিক বিক্রির নিয়ন্ত্রণ কঠোর করিতে হইবে। ব্যবস্থাপত্র ব্যতীত এই ঔষধ বিক্রির বিরুদ্ধে কার্যকর নজরদারি ও শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। চিকিৎসকদেরও কালচার ও অ্যান্টিবায়োটিক সংবেদনশীলতা পরীক্ষার ভিত্তিতে ঔষধ নির্ধারণে অধিক গুরুত্ব দিতে হইবে। বিশেষত আইসিইউতে অনুমাননির্ভর চিকিৎসার পরিবর্তে পরীক্ষার ফল অনুযায়ী অ্যান্টিবায়োটিক নির্বাচন জরুরি। এমআইসি পরীক্ষার সক্ষমতা বাড়াইতে হইবে, যাহাতে জীবাণুর বিরুদ্ধে কোন ঔষধ কতখানি কার্যকর, তাহা নির্ভরযোগ্যভাবে নির্ণয় করা যায়। হাসপাতালের পরিচ্ছন্নতা, জীবাণুমুক্ত পরিবেশ, চিকিৎসা সরঞ্জামের যথাযথ ব্যবস্থাপনা এবং সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোরতা অপরিহার্য। ইহার পাশাপাশি কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতেও অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ন্ত্রণ করিতে হইবে। পশুপালনে নির্বিচারে অ্যান্টিবায়োটিক প্রয়োগের মাধ্যমে প্রতিরোধী জীবাণু খাদ্যশৃঙ্খল ও পরিবেশে ছড়াইতে পারে। অতএব মানবস্বাস্থ্য, প্রাণিস্বাস্থ্য ও পরিবেশকে একই সূত্রে বিবেচনা করিয়া ‘ওয়ান হেলথ’ নীতির বাস্তবায়ন জরুরি। অ্যান্টিবায়োটিক প্রতিটি অপ্রয়োজনীয় ব্যবহার ইহাকে একটু একটু করিয়া অকার্যকর করিয়া তোলে। এই বার্তা সর্বমানসে পৌছাইয়া দিতে হইবে। মনে রাখিতে হইবে, মানবসভ্যতা একসময় সংক্রামক রোগের বিরুদ্ধে অ্যান্টিবায়োটিককে শক্তিশালী অস্ত্র হিসাবে পাইয়াছিল। সেই অস্ত্রের কার্যকারিতা ক্রমশ নষ্ট হইলে মানবসভ্যতা ভয়াবহ বিপদে পড়িবে। এই বিপদের মোকাবিলায় বিলম্বের কোনো অবকাশ নাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..