ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ভালুকায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলনে নামার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশের টিয়ারশেলে আক্রান্ত হয়ে কারখানার সাত শ্রমিক কারখানার অভ্যন্তরের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বিকাল ৪টা পর্যন্ত কারখানাটির ভেতরে উত্তেজনা চলছিল।
পুলিশ ও কারখানা সূত্রে জানা গেছে, ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকায় কারখানাটিতে ৫ হাজার শ্রমিক কাজ করেন। সকাল থেকে শ্রমিকেরা যথারীতি কাজে যোগ দেন। তবে দুপুর ১টা থেকে ২টার নাগাদ মধ্যাহ্নভোজের বিরতির সময় শ্রমিকেরা সংঘবদ্ধ হয়ে কারখানা থেকে বেরিয়ে সড়কে গিয়ে আন্দোলনের চেষ্টা করেন। শ্রমিকেরা দুপুর ২টার দিকে কারখানার গেট থেকে বের হওয়ার চেষ্টা করলে সেখানে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ শুরু করেন। এতে শ্রমিকেরা পুনরায় কারখানায় চলে যান।
বিকালে কারখানাটির মানবসম্পদ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক আহমেদ জাহান বলেন, শ্রমিকেরা সকাল থেকে কাজে যোগ দিলেও মধ্যাহ্নভোজের বিরতির সময় আন্দোলনে যাওয়ার চেষ্টা করেন। ওই সময় টিয়ারশেলের ধোঁয়ায় আক্রান্ত হওয়া ৭ শ্রমিক কারখানার মেডিকেল সেন্টারেই চিকিৎসা নিয়েছেন। আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি বলেন, ঘটনার পর থেকে কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। শ্রমিকরা ধীরে ধীরে বাইরে বের হয়ে যাচ্ছেন।
শিল্প পুলিশ-৫-এর পুলিশ সুপার মো. আনছার উদ্দিন বলেন, শ্রমিকেরা আন্দোলনে বের হতে চাইলে আমরা তাদের বোঝানোর চেষ্টা করি। কিন্তু তারা না মানায় সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করতে হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।