মোঃ রফিকুল ইসলাম
ময়মনসিংহের ধোবাউড়ায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই বছরের পর বছর ধরে চলছে ৩টি ইটভাটা।
স্থানীয়সূত্রে জানা গেছে, উপজেলার গোয়াতলা ইউনিয়নে অবস্থিত এসব ইটভাটায় দীর্ঘদিন ধরে ইট উৎপাদন করে আসছে। উক্ত ইউনিয়নের ইজারাপাড়া গোয়াতোলা ও গোবিন্দপুরে অবস্থিত এক কিলোমিটারের মধ্যেই গড়ে উঠেছে ৩টি ইটভাটা। যার মধ্যে আর এইচ বি ব্রিকস এর মালিক শফিকুল বাশার রতন, এস কে বি ব্রিকস এর মালিক অলিউল্লাহ, এবং এ টি বি ব্রিকস এর মালিক হলেন মোঃ আনিসুর রহমান আরমান।
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বিহীন বছরের পর বছর কিভাবে এসব ইটভাটা পরিচালিত হচ্ছে তা নিয়ে জনমনে রয়েছে অনেক ক্ষোভ। প্রচলিত আইন ও পরিবেশগত বিধি নিষেধ উপেক্ষা করে এসব ইটভাটার কার্যক্রম চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় সচেতন মহল।
ইটভাটার ধোঁয়া ধোলাবালি ও নির্গত ক্ষতিকর গ্যাসের কারণে আশপাশের পরিবেশ, কৃষিজমি , গাছপালা ও জনস্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব পরার আশঙ্কা রয়েছে। এছাড়াও বসতবাড়ি কৃষিজমির কাছাকাছি ইটভাটা থাকায় স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে স্কুল মাদ্রাসার শিশু বাচ্চারা রয়েছে মারাত্মক ঝুঁকিতে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মানিক এক ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, পরিবেশ সংরক্ষণের সরকারি আইন ও বিধিমালা কার্যকর থাকলেও ছাড়পত্র বিহীন এসব ইটভাটার বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নিয়ে প্রশাসন কেন নিরব ভূমিকা পালন করছেন তা আমাদের বোধগম্য নয়। তিনি আরো বলেন, শুধু কাগজে-কলমে অভিযান নয়, সরেজমিনে তদন্ত করে প্রকৃত অবস্থা যাচাই করতে হবে এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও ইটভাটা পরিচালনার অন্যান্য আইনগত অনুমোদন রয়েছে কিনা তা খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোশারফ হোসাইনের কাছে জানতে চাইলে তিনি বলেন, অচিরেই ইটভাটা গুলো যাচাই বাছাই করে অভিযান পরিচালনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।