শরীয়তপুর প্রতিনিধি
সম্প্রতি গোসাইরহাট উপজেলা হলরুমে জেলেদের মাঝে বাছুর বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি ফেক অনলাইন মাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রচার ও অপপ্রচার চালানো হয়। বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে শরীয়তপুর প্রেস ক্লাব।
কিছু ফেক ফেসবুক আইডির মাধ্যমে দাবি করা হয়েছে যে, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু সাংবাদিকদের উদ্দেশ্যে টিস্যু বক্স নিক্ষেপ করেছেন।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, এ ধরনের দাবি সঠিক নয় এবং ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, অনুষ্ঠান চলাকালে সাময়িক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রেক্ষিতে টিস্যু বক্সটি তার এক দলীয় কর্মীকে ছুড়ে দেন। এটি কোনো সাংবাদিককে লক্ষ্য করে করা হয়নি এবং এ ঘটনায় কোনো সাংবাদিক অভিযোগও করেননি।
অপপ্রচারের বিষয়টি নজরে এলে মঙ্গলবার (১২ মে) বেলা ১১টায় শরীয়তপুর প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সভা আহ্বান করা হয়।
এ সময় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নূরুল আমিন রবিন, সহসভাপতি শহিদুল ইসলাম পাইলট, সাংগঠনিক সম্পাদক ইসরাফিল বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম শাকিল, কোষাধ্যক্ষ ছগির হোসেন, দপ্তর সম্পাদক মো. আল-আমিন, প্রচার সম্পাদক জামাল মল্লিক, সমাজকল্যাণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, সদস্য ইসহাক মাদবর, বারেক ভূইয়া, মো. মিরাজ সিকদার, মো. সাইফুল ইসলাম ঢালী প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় এই উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট সংবাদের বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সেই সঙ্গে বলা হয়, শরীয়তপুর প্রেসক্লাব মনে করে, যথাযথ যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর ও অসম্পূর্ণ তথ্য প্রচার দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। এ ধরনের অপপ্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং সাংবাদিক সমাজ ও গণমাধ্যমের পারস্পরিক সৌহার্দ্য ও সম্মানবোধ ক্ষুণ্ন করে।
সে কারণে সংশ্লিষ্ট সব গণমাধ্যমকর্মী ও সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানানো যাচ্ছে, তারা যেন সত্য, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেন এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকেন।
Leave a Reply