বরিশাল প্রতিনিধি :
কভিড-১৯ মহামারির কারণে দীর্ঘ বন্ধের পর আগামী ৪ অক্টোবর খুলছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সকল আবাসিক হল। তবে ক্লাস কার্যক্রম শুরু হবে অক্টোবরের তৃতীয় সপ্তাহে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৩৫তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন এ সভার সভাপতিত্ব করেন । এ সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সম্মানিত সদস্যরা।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম বলেন, একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে টিকা সনদ কার্ড কমপক্ষে এক ডোজ ও বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড দেখিয়ে ছাত্রদের হলে প্রবেশ করতে হবে। যারা এখনো টিকা দেয়নি, তাদেরকে দ্রুত রেজিস্ট্রেশন করে টিকা গ্রহণের জন্য অনুরোধ থাকবে।
ড. খোরশেদ আরো বলেন, কোনো অছাত্র, বহিরাগত হলে অবস্থান করতে পারবে না। নিজ নিজ হলের নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি পুরোটাই যথাযথ মেনে চলতে হবে। এ বিষয়ে ছাড় দেওয়া হবে না।
হল খোলার বিষয়ে ববির সমাজবিজ্ঞানের শিক্ষার্থী রাহাত আহমেদ বলেন, আমাদের শিক্ষার্থীরা খুশি এমন সিদ্ধান্তের জন্য।
মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞানের শিক্ষার্থী পরিতোষ পাল বলেন, বিশ্ববিদ্যালয়ের হল খুলছে এটা অবশ্যই শিক্ষার্থীদের জন্য আশীর্বাদস্বরূপ। শিক্ষার্থীদের সেশনজট সমস্যা আশা করি মুক্তি মিলবে।
আরেক শিক্ষার্থী গণিত অনুষদের আসলাম বলেন, হল আর ক্লাস খোলার বিষয়টিতে আমরা চিন্তায় ছিলাম, কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে আমরা এবং আমাদের জুনিয়র শিক্ষার্থীদের শিক্ষা আর চাকরির পথ সুগম হবে।
উল্লেখ্য, ২০২০ সালের মার্চ মাসের মাঝামাঝিতে করোনা সংক্রমণ দেখা দিলে বন্ধ করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের হল ও অন্যান্য কার্যক্রম। পুনরায় হল ও ক্লাস খোলার সিদ্ধান্তে সাধুবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা। দীর্ঘ আঠারো মাসের বেশি সময় পরে পুনরায় জাগ্রত হবে বরিশাল বিশ্ববিদ্যালয়।
Leave a Reply