নিজস্ব প্রতিবেদক:
ঐশী দাশের জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে। দুই ভাই বোনের মধ্যে ছোট তিনি। স্কুলের গণ্ডি না পেরুতেই বিয়ে হয় তার। তবে, সংসার সামলানোর পাশাপাশি পড়াশোনাও চালিয়ে গেছেন ঐশী। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছেন। সংসার ও পড়াশোনার ফাঁকে হাতে বানানো গহনা বিক্রি করেন তিনি। শখটাই এখন তার পেশা। ঐশী হয়ে উঠেছেন দেশীয় পণ্যের ই-কমার্স উদ্যোক্তা।
শখের বসে মেয়েদের বাহারি রকমের গহনা তৈরি করতেন ঐশী। একসময় চিন্তা করলেন, শখের এ কাজই হতে পারে আয়ের উৎস। সেই চিন্তা থেকেই অনলাইনে ফেসবুক পেজ ‘বাহারি ফেরিওয়ালা’র মাধ্যমে হাতের তৈরি গহনা, হ্যান্ডপেইন্টের পোশাক এবং কাস্টমাইজড বেবি ড্রেসের মতো পণ্য নিয়ে ব্যবসা করছেন ঐশী।
নিজের উদ্যোগের বিষয়ে ঐশী বলেন, ‘ব্যবসার শুরুটা আসলে শখের বশেই ছিল। গহনা নিজেই বানাতাম। শুরুর দিকে আত্মীয়-স্বজনরা আমার গহনা কিনত। এ থেকেই নিজের পরিচয় গড়ে তোলার সাহস পেয়েছিলাম। কিন্তু প্রথম প্রথম বাসা থেকে সাপোর্ট পাইনি। নিজের চেষ্টাতে শখটাই এখন আমার পেশা।’
তিনি আরও বলেন, ‘দেশীয় পণ্যকে একটু নতুনভাবে সবার সামনে উপস্থাপন করতেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। যে কাজে আমার আগ্রহ, সে বিষয়ে প্রশিক্ষণ নিয়ে কাজ শুরু করতে না পারলেও কখনো হাল ছাড়িনি। মেয়ে হয়ে ব্যবসায় নেমেছি বলে পুরুষতান্ত্রিক সমাজে বিভিন্ন ধরনের কথা আগেও শুনেছি, এখনো শুনতে হয়।’
করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সময়টাকে কাজে লাগিয়ে নিজেকে স্বাবলম্বী করতে পেরেছেন ঐশী। এক বছরে এখন পর্যন্ত প্রায় ১ লাখ টাকার পণ্য বিক্রি করেছেন তিনি। এভাবেই দেশীয় পণ্যের ব্যবসায় নিজের পরিচিতি তৈরির চেষ্টা করছেন ঐশী।
Leave a Reply