1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৮ বার পঠিত
১২

কুমিল্লা প্রতিনিধি

বাম থেকে ইথান আহমেদের পুরনো ছবি

কুমিল্লা নগরীতে মাদক বিরোধী মানববন্ধন শেষে মাদক কারবারিদের হামলা ও গুলির ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ ইথান আহমেদের (১২) এর বাবা ইউনুছ মিয়া বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় হামলায় জড়িত সাব্বির ও অপুসহ ৬ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।

পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে শ্রাবন নামের একজনকে আটক করেছে।

শুক্রবার (২৬ জুন) দুপুরে থানার ওসি মো. তৌহিদুল আনোয়ার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে মামলাটি দায়ের করেছেন।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি গুলিবিদ্ধ স্কুলছাত্র ইথান আহমেদের গুলি এখনও বের করা যায়নি বলে জানিয়েছেন তার বাবা ইউনুস মিয়া। শুক্রবার দুপুরে তিনি বলেন, কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের চিকিৎসকরা গুলি বের করতে না পারায় বৃহস্পতিবার সন্ধ্যায় ছেলেকে ঢাকা মেডিকেলে আনা হয়। তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছিল। কিন্তু গুলি বের করা হয়নি। তার পিঠে গুলির ক্ষত স্থান থেকে অনেক রক্ত বের হচ্ছে। আমরা রক্ত দিচ্ছি।

দুপুর ২টায় তিনি বলেন, কর্তব্যরত চিকিৎসক আমাদের জানিয়েছেন- বড় সার্জন এখনও আসেননি, তিনি আসার পর গুলি বের করতে অপারেশন করা হবে। তবে তা কখন এখনও জানতে পারিনি।

ইথানের মা সোনিয়া আক্তার বাধন বলেন,

স্কুলের পাশেই আমাদের বাড়ি। আমার একমাত্র ছেলেটা টিফিনের বিরতিতে স্কুল থেকে বাসায় আসার পথে গুলিবিদ্ধ হয়। তাকে ছাড়া বাঁচবো না। ছেলেটা মাঝে মধ্যে চোখ খুলছে। তার শরীর থেকে অনেক রক্ত বের হচ্ছে। আমরা তাকে নিয়ে শঙ্কিত। জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

কুমেক হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহান বলেন, গুলিটি ওই ছেলের শরীরের ফুসফুস পর্যন্ত আঘাত এনেছে। তাই আমরা ঝুঁকি নিতে চাইনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশা করি বুলেটটি বের করা সম্ভব হবে।

দুপুরে কুমিল্লা-৬ (আদর্শ সদর ও সদর দক্ষিণ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল হক চৌধুরী বলেন, গত রাতে গুলিবিদ্ধ স্কুল ছাত্রের পরিবারকে সমবেদনা জানাতে গিয়েছিলাম। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় এমপি হিসেবে আমি ও আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দায় এড়াতে পারি না। জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জরুরি সভা করেছি।

এর আগে আগে বৃহস্পতিবার দুপুরে নগরীর কাঁটাবিল এলাকায় গুলিবিদ্ধ হয় ওই কিশোর।

স্থানীয়দের ভাষ্য, মাদক ব্যবসা নিয়ে কাঁটাবিল এলাকায় গত বুধবার রাত থেকে অপু গ্রুপ ও সাব্বির গ্রুপের মধ্যে উত্তেজনা শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়লে এলাকায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‘স্কুলছাত্র গুলি খাবে তারপরও আপনি ওসি থাকবেন, এটা ঠিক না’——এমপি মনিরুল হক‘স্কুলছাত্র গুলি খাবে তারপরও আপনি ওসি থাকবেন, এটা ঠিক না’——এমপি মনিরুল হক
এ ঘটনায় স্থানীয় এলাকার প্রতিবাদী লোকজনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে কাঁটাবিল রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সামনে মাদকবিরোধী মানববন্ধন করা হয়। পরে হঠাৎ অস্ত্র হাতে একদল লোক সেখানে হামলা চালায়। এ সময় তারা গুলিবর্ষণের ঘটনা ঘটালে পথচারী ও স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ছোটাছুটি করেন। সংঘর্ষ চলাকালে ইথান আহমেদ গুলিবিদ্ধসহ অন্তত ৫ জন আহত হন। গুলিবিদ্ধ ইথান কাঁটাবিল রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

স্কুলের শিক্ষকদের ভাষ্য টিফিনের বিরতিতে ইথান বাসায় যাচ্ছিল।

কোতোয়ালী মডেল থানার ওসি মো. তৌহিদুল আনোয়ার বলেন, এ ঘটনায় ৬ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরও ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত রাতে শ্রাবন নামের একজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..