দিনাজপুর জেলা প্রতিনিধি,
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘আমরা সুশাসন ও বৈষম্যহীন একটি সমাজ গড়ে তুলতে চাই। এমন একটি বাংলাদেশ গড়তে হবে, যেখানে সবাই ভালো থাকবে, একসঙ্গে কাজ করবে এবং উন্নয়নের সুফল সমানভাবে ভোগ করবে।’
বুধবার (১ জুলাই) বিকেল সাড়ে ৫টায় দিনাজপুর জেলা সমাজসেবা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় আয়োজিত মৌলিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান এবং প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণোত্তর সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমরা কোনো মানুষকে পিছিয়ে থাকতে দিতে চাই না। প্রশিক্ষণার্থীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি প্রশিক্ষক ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি এবং প্রশিক্ষণের গুণগত মান উন্নয়নে গুরুত্ব দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার পাশাপাশি অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। শুধু প্রশিক্ষণ দিয়েই দায়িত্ব শেষ করা যাবে না; প্রশিক্ষণপ্রাপ্তদের কর্মসংস্থান নিশ্চিত করা এবং তাদের জীবনমানের উন্নয়ন ঘটানোও সমান গুরুত্বপূর্ণ।’
দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে এবং জেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মতিন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মো. জেদান আল মুসা, রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোছা. জিলুফা সুলতানা, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।