1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

বগুড়ায় ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা দিল ৪২ শিক্ষার্থী

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১৫ বার পঠিত
২০

বগুড়া জেলা প্রতিনিধি,

বগুড়ার শিবগঞ্জে একটি কেন্দ্রে যুক্তিবিদ্যা বিষয়ে ৪২ জন শিক্ষার্থী পুরোনো প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা দিয়েছেন। ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ওই পরীক্ষার্থীদের তালিকা রাজশাহী বোর্ডে পাঠিয়েছেন কেন্দ্র সচিব।

বুধবার (১৫ জুলাই) শিবগঞ্জ সরকারি এমএইচ. কলেজের ১০৭ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আসাদ।

 

কেন্দ্র সূত্রে জানা গেছে, ১০৭ নম্বর কক্ষে ৪৩ জন নিয়মিত পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা শুরুর সময় সৃজনশীল অংশের প্রশ্নপত্র বিতরণের ক্ষেত্রে ভুলবশত ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়া হয়। ৪২ জন পরীক্ষার্থী সেই প্রশ্নপত্রেই উত্তর লেখা শুরু করেন। তবে বহুনির্বাচনি (এমসিকিউ) অংশের প্রশ্নপত্র সঠিক থাকায় ওই অংশে কোনো জটিলতা হয়নি। একজন পরীক্ষার্থী সঠিক প্রশ্নপত্র পেয়েছিলেন।

পরীক্ষা শেষে বিষয়টি কেন্দ্র সচিবের নজরে এলে ডাকঘরে পাঠানো উত্তরপত্র ফিরিয়ে আনা হয়। পরে ওই ৪২ জন পরীক্ষার্থীর রোল নম্বরসহ একটি তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সিদ্ধান্তের জন্য রাজশাহী শিক্ষা বোর্ডে পাঠানো হয়।

অধ্যাপক আবুল কালাম আসাদ বলেন, ১০৭ নম্বর কক্ষের ৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২ জনের কাছে ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র চলে যায়। বিষয়টি জানার পরপরই উত্তরপত্র ডাকঘর থেকে ফিরিয়ে এনে বোর্ডে পরীক্ষার্থীদের তালিকা পাঠানো হয়েছে।

তিনি বলেন, প্রশ্নপত্র গ্রহণের পর দায়িত্বপ্রাপ্ত কমিটি তা যাচাই করে এবং পরে কক্ষ পরিদর্শকদের কাছে হস্তান্তর করে। তবুও অনাকাঙ্ক্ষিতভাবে এ ভুল হয়েছে। এ ঘটনায় দায়িত্বে থাকা দুই পরিদর্শককে কারণ দর্শানোর নোটিশ দিয়ে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাজশাহী শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..