1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

কক্সবাজারে সংঘবদ্ধ হামলায় বন কর্মকর্তাসহ আহত ৫

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৪ বার পঠিত

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জে সংরক্ষিত বনভূমির অবৈধ পানের বরজ উচ্ছেদ অভিযানে গিয়ে ভূমিদস্যুদের সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন বনকর্মীরা। এতে রেঞ্জ কর্মকর্তাসহ বন বিভাগের পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার সকাল ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

হামলায় গুরুতর আহত হয়েছেন পানেরছড়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও ফরেস্ট রেঞ্জার শরিফুল আলম, ফরেস্ট গার্ড হুমায়ুন কবির, বাগান মালি সাইদুল ইসলাম ও মো. সাজিদ এবং ইআরটি সদস্য মিজানুর রহমান। তাদের মধ্যে রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলমসহ তিনজনের অবস্থা গুরুতর।

স্থানীয় সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে, হামলায় জড়িতদের মধ্যে পানেরছড়া সমিতিপাড়া ও দক্ষিণ মিঠাছড়ি এলাকার নাজির, সাহাবউদ্দিন, জসিম ও আবদুল্লাহ রয়েছেন।

চিকিৎসকদের বরাত দিয়ে বিট কর্মকর্তা কামরুজ্জামান শোভন বলেন, আহতদের মধ্যে ৩ জন গুরুতর জখম হয়েছেন। তাদের মধ্যে রেঞ্জ কর্মকর্তার মাথায় ৯টি সেলাই দেওয়া হয়েছে। অন্য দুইজনের ৩টি করে সেলাই দেওয়া হয়েছে। অন্যদের শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়েছে।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আব্দুল্লাহ আল মামুন জানান, সংরক্ষিত বনভূমি জবরদখল করে গড়ে তোলা অবৈধ পানের বরজ উচ্ছেদে আইনানুগ অভিযান পরিচালনার সময় ভূমিদস্যুদের সংঘবদ্ধ হামলার শিকার হন বন বিভাগের পাঁচ কর্মী। আহতদের মধ্যে রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলমের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করা হতে পারে। বনভূমি জবরদখল ও বনকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..