1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

রাঙামাটির জুরাছড়িতে ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৫২ লাখ টাকা উদ্ধার, আটক ১৩

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

 

মোঃ ফয়সাল রাঙামাটি জেলা প্রতিনিধি!

রাঙ্গামাটির জুরাছড়িতে অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করা আনুমানিক ৫২ লাখ ২০ হাজার ১০০ টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ঘটনায় ১৩ জনকে আটক করা হয়েছে। পরে তাদের জুরাছড়ি থানায় হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুর ২টার দিকে সেগুনবাগান আর্মি ক্যাম্পের আওতাধীন সেগুনবাগান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ৩৭ বীরের ওয়ারেন্ট অফিসার শাহীনুরের নেতৃত্বে সেনাবাহিনীর একটি ‘সি’ টাইপ টহল দল অভিযান চালিয়ে ১৩ জনকে টাকাসহ আটক করে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের একটি চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তারা ভারত থেকে অবৈধভাবে হলুদসহ বিভিন্ন পণ্যসামগ্রী ক্রয় করে বাংলাদেশে এনে বিক্রি করতেন। এ ক্ষেত্রে সরকার নির্ধারিত শুল্ক ও কর পরিশোধ না করে অবৈধভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতেন বলে জানা গেছে।

আটক ১৩ জনের মধ্যে দিলীপ চাকমা (৩১), তপন চাকমা (২১) ও নিলো মনি চাকমা (২৬) টাকা বহনের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। অপর ১০ জন মালামাল বহনের কাজে সহযোগী হিসেবে ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ঘটনার পর বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে যক্ষা বাজার আর্মি ক্যাম্পের সেনাসদস্যরা আটক ব্যক্তিদের জুরাছড়ি থানায় নিয়ে যান।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, টাকা বহনের সঙ্গে জড়িত তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। অপরদিকে, মালামাল বহনে সহযোগিতার অভিযোগে আটক ১০ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় উদ্ধার করা অর্থের উৎস, গন্তব্য এবং সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানতে জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি। ফলে এ ঘটনায় থানার পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..