1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

দক্ষিণ গফরগাঁও উপজেলার সদর দপ্তর পরিদর্শনে বিভাগীয় কমিশনার, শিগগিরই বাস্তবায়নের ইঙ্গিত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৩৯ বার পঠিত
৪৩

ফারদিন আহমেদ গফরগাঁও, ময়মনসিংহ।
ময়মনসিংহের নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার গেজেটভুক্ত সদর দপ্তরের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির। বৃহস্পতিবার সকালে উপজেলার প্রাণকেন্দ্র কান্দিপাড়া সংলগ্ন জে এল-১৪৩ নম্বর নয়াবাড়ি মৌজা পরিদর্শন শেষে তিনি জনগণের মতামতের ভিত্তিতে দ্রুত উপজেলা স্থাপনের প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার আশ্বাস দেন।
পরিদর্শনকালে বিভাগীয় কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ, সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় দক্ষিণ গফরগাঁও উপজেলার অন্তর্ভুক্ত ৮টি ইউনিয়নের হাজার হাজার মানুষ পরিদর্শনস্থলে উপস্থিত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। স্থানীয়রা গেজেটভুক্ত সদর দপ্তর নয়াবাড়ি মৌজাতেই দ্রুত উপজেলা ভবন নির্মাণ ও প্রশাসনিক কার্যক্রম শুরু করার দাবি জানান।
পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার বলেন, সরকারের গেজেট, স্থানীয় বাস্তবতা এবং জনগণের প্রত্যাশার আলোকে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হবে। তিনি দক্ষিণ গফরগাঁও উপজেলা দ্রুত বাস্তবায়নের বিষয়ে উপস্থিত জনসাধারণকে আশ্বস্ত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. ইসহাক, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ. কে. এম. আনছারউদ্দিন, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন, বিএনপি নেতা আব্দুস ছালাম বেপারীসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়দের মতে, গেজেটভুক্ত সদর দপ্তর হিসেবে নয়াবাড়ি মৌজায় উপজেলা কার্যালয় প্রতিষ্ঠিত হলে দক্ষিণ গফরগাঁওয়ের ৮টি ইউনিয়নের কয়েক লাখ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..