1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

সরকারি কর্মচারী হাসপাতাল থেকে চুরি হওয়া ৩ লাখ টাকার ওষুধসহ চোর আটক

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১১ বার পঠিত
১৪

মোঃ বেল্লাল হোসেন

রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতাল থেকে চুরি হওয়া প্রায় তিন লাখ টাকা মূল্যের সরকারি ওষুধ উদ্ধার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

এঘটনায় নাছিম (২১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) আনসার সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

আনসার সদর দপ্তর জানায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) দক্ষিণ জোনের রমনা থানার সরকারি কর্মচারী হাসপাতালের দ্বিতীয় তলায় দায়িত্ব পালন করছিলেন অঙ্গীভূত আনসার সদস্য মো. আব্দুল হাদি। এ সময় মেডিসিন স্টোরের সামনে নাছিমকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তিনি বিষয়টি ক্যাম্প ইনচার্জ পিসি মো. খাইরুল ইসলামকে জানান।

পরে ক্যাম্প ইনচার্জ খাইরুল ইসলাম টহলরত এপিসি মো. হামিদুর রহমানকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে নাছিমের লাগেজ ও ব্যাগ তল্লাশি করে হাসপাতালের প্রায় ৫০০ বক্স সরকারি ওষুধ উদ্ধার করা হয়। উদ্ধার করা ওষুধের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা। এসময় তার কাছ থেকে তিনটি স্মার্টফোন ও তিনটি পরিচয়পত্র জব্দ করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সরকারি হাসপাতালের নিরাপত্তা, সরকারি সম্পদ রক্ষা এবং অপরাধ প্রতিরোধে তাদের সদস্যরা নিয়মিত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। সরকারি ওষুধ উদ্ধার ও চোর আটকের ঘটনাটি সরকারি সম্পদ সুরক্ষায় তাদের কার্যকর ভূমিকার একটি উদাহরণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..