নিজস্ব প্রতিবেদক :
১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় দায়ের করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি তিন মাসের জন্য মুলতবি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ২০২৩ সালের ৩ জানুয়ারি শুনানির জন্য নতুন তারিখ ধার্য করা হয়েছে।
বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদের সময় আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।
এর আগে গত ২০ জুলাই ১০ ট্রাক অস্ত্র মামলার ডেথ রেফারেন্স এবং আসামিদের আপিল শুনানির জন্য ১৮ অক্টোবর দিন ধার্য করেছিলেন হাইকোর্ট।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল ঘাট থেকে আটক করা হয় ১০ ট্রাকভর্তি অস্ত্রের চালান। এ নিয়ে কর্ণফুলী থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইন ও ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে দুটি মামলা হয়। সিআইডি পুলিশ দুটি মামলা একসঙ্গে তদন্ত করে এবং বিচারও একসঙ্গে শুরু হয়।
পরে ২০১৪ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমান এই মামলার রায় দেন। রায়ে দুটি মামলার মধ্যে একটিতে সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী (যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ড কার্যকর), সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুতফুজ্জামান বাবর, ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং দুটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১৪ জনকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়।
এদের মধ্যে পরেশ বড়ুয়া ও নুরুল আমিন পলাতক। এছাড়া অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এরপর বিধি অনুযায়ী এই মামলার আসমিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে।
অন্যদিকে রায়ের বিরুদ্ধেও আপিল করেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা। এরই ধারাবাহিকতায় গত ২০ জুলাই ডেথ রেফারেন্স এবং আসামিদের আপিল শুনানির জন্য ১৮ অক্টোবর দিন ধার্য করেছিলেন হাইকোর্ট। কিন্তু রাষ্ট্রপক্ষের প্রস্তুতির জন্য মঙ্গলবার ফের আদালতে সময় চেয়ে আবেদন করা হয়।
Leave a Reply