উখিয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে ২০২০–২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আবেগ, ভালোবাসা ও শুভকামনায় ভরা এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উখিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম। সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. এনামুল হক। অনুষ্ঠানে বিদায়ী বক্তব্য দেন বিভাগের শিক্ষক মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন প্রভাষক ফরিদুল আলম, প্রভাষক আরফাত চৌধুরীসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে শাহ আলম বলেন, “আজকের এই বিদায় কোনো সমাপ্তি নয়; বরং জীবনের নতুন অধ্যায়ে প্রবেশের সূচনা। আমরা তোমাদের নিজেদের সন্তানের মতো স্নেহ, মমতা ও আন্তরিকতার সঙ্গে গড়ে তোলার চেষ্টা করেছি। তোমাদের সাফল্য, সততা, মানবিকতা ও আদর্শিক অবস্থানই হবে উখিয়া কলেজের প্রকৃত পরিচয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমরা যেন এই প্রতিষ্ঠানের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ রাখো—এটাই আমাদের প্রত্যাশা।”
সভাপতির বক্তব্যে মো. এনামুল হক শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হয়ে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষা কেবল সনদ অর্জনের বিষয় নয়; বরং একজন দায়িত্বশীল, মানবিক ও আদর্শ নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলাই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য।
অনুষ্ঠানে স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময়, ফুলেল সংবর্ধনা এবং বিদায়ী শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশের মধ্য দিয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শেষে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সফল কর্মজীবন ও সুন্দর জীবন কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।