কুড়িগ্রাম প্রতিনিধি
বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সবুজপাড়ার ঈদগাহ মাঠসংলগ্ন জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ের দোয়েল চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ও অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ নেতারা।
এ সময় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবার রহমান, সদস্যসচিব আবু হানিফ বিপ্লব, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর, জেলা যুবদলের সভাপতি নাসিম পারভেজ তারা, এটিএম নজিবর রহমান লেলিন, সাবেক ছাত্রদল নেতা হাসান যুবায়ের হিমেল, ছাত্রদলের সভাপতি আশরাফুল হক বিপুল, সাধারণ সম্পাদক সোহেল রানা, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা ও সাধারণ সম্পাদক মোসলেমা খাতুন মিলিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠার লক্ষ্য ও আদর্শকে সামনে রেখে গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, আইনের শাসন ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় দলকে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের মানুষের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের ত্যাগ, শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান তারা।
একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের সব ধরনের বিভেদ ভুলে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।