মোঃ আনোয়ার হোসেন,লামা।
বান্দরবানের লামা থানায় কোয়ান্টাম ফাউন্ডেশন এবং আব্দুল গফুরের মধ্যে কোয়ান্টাম বৃদ্ধাশ্রমের জায়গা নিয়ে চলমান সীমানা বিরোধ নিরসনে একটি জরুরি শালিসী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুন সোমবার বিকাল ৩ টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাসুম সরদার এবং লামা থানার সেকেন্ড অফিসার (এসআই)নাসির উদ্দিন উপস্থিত থেকে উভয় পক্ষের বক্তব্য শোনেন ও বিস্তারিত আলোচনা করেন।
এতে কোয়ান্টাম ফাউন্ডেশনের পক্ষে প্রতিনিধিত্ব করেন অ্যাডভোকেট ফয়সাল আজিজ, পারভেজ মাসুদ, আসাদুজ্জামান খান, সাজেদুর রহমান, মনোয়ার হোসেন ও হাবিবুর রহমান। অপরদিকে আব্দুল গফুরের পক্ষে উপস্থিত ছিলেন কামাল উদ্দিন (রাবার কামাল), আব্দুল গফুর, জয়নাল আবেদীন (জানু মেম্বার), আনোয়ার হোসেন (কালা আনোয়ার), গিয়াস উদ্দিন (সরদার) এবং রফিকুল ইসলাম।
দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষের সম্মতিতে এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ৪টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় স্থিতাবস্থা বজায় রাখা বর্তমানে কোনো পক্ষই নতুন করে কোনো সীমানা নির্ধারণ বা নতুন কাঠামো তৈরি করতে পারবে না। যে যার বর্তমান জায়গার সীমানা অনুযায়ী স্থিতাবস্থা বজায় রাখবেন এবং এলাকায় একটি সৌহার্দ্যপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবেন।
কোয়ান্টাম ফাউন্ডেশনকে হেয় প্রতিপন্ন করে টানানো সব ধরনের আপত্তিকর ও উসকানিমূলক ব্যানার অবিলম্বে অপসারণ করা হবে। এলাকার পরিস্থিতি পুরোপুরি শান্ত হওয়ার পর উভয় পক্ষ যৌথভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে সরকারি সার্ভেয়ারের জন্য আবেদন করবেন। পরবর্তীতে সরকারি সার্ভেয়ার এসে মূল কাগজপত্র ও দলিল অনুযায়ী বিরোধপূর্ণ জায়গা পরিমাপ করে চূড়ান্ত সীমানা নির্ধারণ করে দেবেন। উভয় পক্ষই কর্তৃপক্ষের সেই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য থাকবেন। সার্কেল এএসপি মহোদয় উপস্থিত জয়নাল আবেদীন (জানু মেম্বার)-কে আপত্তিকর ব্যানার অপসারণ এবং জায়গা পরিমাপের বিষয়ে উভয় পক্ষের মধ্যে সমন্বয় ও মধ্যস্থতার দায়িত্ব অর্পণ করেন।
বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দেন।