কক্সবাজার উখিয়া প্রতিনিধি: সরোয়ার আলম,
কক্সবাজারের সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে দুই নারীকে আটক করা হয়েছে। সবমিলিয়ে উদ্ধার করা হয়েছে ৬১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর রেজুখাল চেকপোস্ট ও ঘুমধুম বিওপি এলাকায় পৃথকভাবে অভিযান দুটি পরিচালনা করা হয়।
৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।
রেজুখাল চেকপোস্টে ১,৬০০ পিস ইয়াবা উদ্ধার
বিজিবি সূত্রে জানা যায়, ২ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে রেজুখাল চেকপোস্টের তল্লাশিদল সোনাপাড়া বাজার থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি করে। এ সময় এফডিএমএন সদস্য আনোয়ারা বেগম (৪০) ও সাবিকুন নাহার (২২)-কে আটক করা হয়।
বিজিবির দাবি, তাদের শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১ হাজার ৬০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি স্মার্টফোনও জব্দ করা হয়েছে।
আটক আনোয়ারা বেগম এফডিএমএন ক্যাম্প-৬-এর ব্লক-এ এবং সাবিকুন নাহার এফডিএমএন ক্যাম্প-৫-এর ব্লক-বির বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।
ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ৬০ হাজার ইয়াবা
অন্যদিকে, একই দিন রাত সাড়ে ১০টার দিকে ঘুমধুম বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩১ থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় সেখানে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৬০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
৩৪ বিজিবি জানিয়েছে, আটক দুই নারীকে উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য আলামতসহ প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়েরের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরদিকে, মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা ৬০ হাজার পিস ইয়াবার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক ও অবৈধ চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
একই দিনে পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের ঘটনায় সীমান্ত এলাকায় মাদকবিরোধী তৎপরতা আরও জোরদার করার বিষয়টি সামনে এসেছে।