1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

ঘোষণা ১১ দলীয় জোটের লংমার্চে বাধা দিলে প্রতিহতের

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৬ বার পঠিত
১৮

জ্যেষ্ঠ প্রতিবেদক :

লংমার্চে কোনো ধরনের রাজনৈতিক বা প্রশাসনিক বাধা এলে তা প্রতিহত করে সামনে এগিয়ে যাওয়া হবে বলে ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট।

জোটের নেতারা বলেছেন, আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সূচনা হবে রাজধানীতে জনসমাবেশের মধ্য দিয়ে। পথে বিভিন্ন পয়েন্টে পথসভা করা হবে। গণভোটের রায় বাস্তবায়নসহ জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ধারাবাহিকভাবে সারাদেশে লংমার্চ কর্মসূচি পালন করা হবে।

রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের বাসায় ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে সন্ধ্যায় সাংবাদিকদের ব্রিফিংয়ে জোটের নেতারা এসব কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন ডা. শফিকুর রহমান।

ব্রিফিংয়ে বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বক্তব্য দেন।

নেতারা বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করাসহ দেশে নানা সংকট তৈরি হয়েছে। সরকার গঠনের ছয় মাস পার হলেও গণভোটের রায় বাস্তবায়নে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে জনগণের মতামতকে উপেক্ষা করা হয়েছে। এ কারণে তারা আন্দোলনে নেমেছেন।

তারা বলেন, সংবিধান সংস্কার কিংবা গণভোটের গণরায় বাস্তবায়নের প্রশ্নে সরকার যেন এদিক-সেদিক না করে। সরকার সংবিধান সংস্কারের পরিবর্তে সংশোধনের দিকে এগোচ্ছে। এটি সরকারের জন্য ভালো পরিণাম বয়ে আনবে না—এমন বার্তাও দেন তারা।

১১ দলীয় ঐক্যের নেতারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যে দেশবাসী অংশ নিয়েছিল, তারাই লংমার্চে অংশ নেবে। তারা ঐক্যবদ্ধভাবে লংমার্চ সফল করবেন। সরকার জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করলে জনগণকে সঙ্গে নিয়ে এর উপযুক্ত জবাব দেওয়া হবে।

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নেতারা সরকারের ছয় মাসের কার্যক্রমের সমালোচনা করেন।

তাদের অভিযোগ, সরকারের ১৮০ দিনের অব্যবস্থাপনায় জনভোগান্তি বেড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হয়েছে। দেশে চাঁদাবাজির ভোগান্তি তৈরি হয়েছে। কৃষকরা সার সংকটে পড়েছেন। কিন্তু সরকার এসব সমস্যা স্বীকার না করে জনগণকে মিথ্যা তথ্য দিয়ে প্রতারণা করছে বলে অভিযোগ করেন তারা।

নেতারা আরও বলেন, সরকারের দেশ পরিচালনায় কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই। জ্বালানি সংকট নিরসনে বিরোধীদলের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলেও তা অগ্রাহ্য করা হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের দুর্ভোগ বাড়ছে। বিদ্যুৎ, তেল ও গ্যাসের সংকটে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এসব সমস্যা সমাধানও তাদের আন্দোলনের দাবির অংশ।

পররাষ্ট্রনীতি প্রসঙ্গে ১১ দলের নেতারা বলেন, গত ৫ আগস্ট দিল্লিতে শেখ হাসিনার প্রেস ব্রিফিংয়ের ঘটনায় ভারত সরকারকে যথাযথ জবাবদিহির আওতায় আনতে বাংলাদেশ সরকার ব্যর্থ হয়েছে। দিল্লিতে আওয়ামী লীগকে কার্যক্রম পরিচালনার সুযোগ দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক সম্ভব নয় বলেও মন্তব্য করেন তারা। তারা বলেন, যেকোনো দেশের সঙ্গে পারস্পরিক মর্যাদা ও সমতার ভিত্তিতে সম্পর্ক চায় ১১ দল।

বিশ্ববিদ্যালয়গুলোর পরিবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জোটের নেতারা। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়গুলোকে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে এবং বিরোধী মতের ছাত্রসংগঠন ও ছাত্রসংসদের নেতাদের দমন-পীড়ন করা হচ্ছে। এর ফলে গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত হচ্ছে।

সরকারের বিরুদ্ধে রাষ্ট্রের বিভিন্ন স্তরে দলীয়করণের অভিযোগ তুলে নেতারা বলেন, রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে দলীয় লোক নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনসহ রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতেও দলীয়করণ করা হয়েছে বলে তারা অভিযোগ করেন।

লংমার্চের কর্মসূচি সম্পর্কে নেতারা জানান, আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সূচনা পর্বে রাজধানীতে বড় ধরনের জনসমাবেশ হবে। লংমার্চের পথে বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হবে। এরপর ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন এলাকায় লংমার্চ করা হবে।

নেতারা বলেন, তাদের প্রধান দাবি গণভোটের রায় বাস্তবায়ন। পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবিও রয়েছে। এসব দাবি বাস্তবায়নে সরকার কার্যকর উদ্যোগ না নিলে আন্দোলন আরও জোরদার করা হবে।

১১ দলীয় ঐক্যের নেতারা দেশবাসীকে লংমার্চে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এটি একটি গণতান্ত্রিক আন্দোলন। এতে কোনো ধরনের রাজনৈতিক বা প্রশাসনিক বাধা দেওয়া হলে তা প্রতিহত করে সামনে এগিয়ে যাবেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..