1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

হরিরামপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুই ব্যবসায়ীর ওপর হামলা, ব্যাগ ছিনতাই

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি: ‌

মানিকগঞ্জের হরিরামপুরে একই রাতে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে দুই ব্যবসায়ীর ওপর হামলা ও ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পৃথক দুটি ঘটনায় এক স্বর্ণ ব্যবসায়ী ও এক মুদি ব্যবসায়ী আহত হয়েছেন। পরপর এমন ঘটনায় উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাতের নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার যাত্রাপুর গ্রামে প্রথম হামলার ঘটনা ঘটে। আহত মনোরঞ্জন কর্মকার লেছড়াগঞ্জ বাজারের স্বর্ণ ব্যবসায়ী। তিনি যাত্রাপুর গ্রামের মৃত জীবন কর্মকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে যাত্রাপুর গ্রামের নুর আলমের বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। এ সময় মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে তাঁর সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁকে চিকিৎসা দেওয়া হয়।
হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার অসীম সরকার জানান, মনোরঞ্জন কর্মকারের মাথায় আঘাতের কারণে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাঁর মাথায় বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে।
এর প্রায় দুই ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বয়ড়া ইউনিয়নের পূর্ব যাত্রাপুর গ্রামে মুদি ব্যবসায়ী শেখ সবুজের (৪০) ওপর হামলার ঘটনা ঘটে। তিনি কাণ্ঠাপাড়া বাজারের ব্যবসায়ী এবং ওই গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, দোকান বন্ধ করে বাড়ি ফেরার পর বারান্দার গ্রিলের গেটের তালা খুলতে যান সবুজ। এ সময় পেছন থেকে অজ্ঞাত এক ব্যক্তি তাঁর মাথায় আঘাত করে হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন সবুজ। তাঁর চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে আসেন। এদিকে পালানোর সময় হোঁচট খেয়ে পড়ে যাওয়ায় হামলাকারী ব্যাগটি ফেলে রেখে পালিয়ে যায়। ব্যাগের ভেতরে কোনো টাকা-পয়সা ছিল না। পরে আহত সবুজকে উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
কাণ্ঠাপাড়া বাজারের সাধারণ সম্পাদক ও বয়ড়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ মিরাজ মিয়া বলেন, রাত পৌনে ১১টার দিকে সবুজের আহত হওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান তিনি। পরে নিজের মোটরসাইকেলে করে তাঁকে হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তাঁর ধারণা, মাদকাসক্ত ব্যক্তিরা এ ধরনের ঘটনায় জড়িত থাকতে পারে। একই রাতে স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলার ঘটনাও ঘটেছে। পরপর দুটি ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তিনি দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম জানান, ঘটনার খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়ে আহত ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছেন এবং বিস্তারিত জেনেছেন। প্রাথমিকভাবে মাদকাসক্ত ব্যক্তিরা এ ঘটনায় জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একই রাতে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে দুই ব্যবসায়ীর ওপর হামলা ও ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। ব্যবসা শেষে বাড়ি ফেরার পথেও যদি এমন হামলার শিকার হতে হয়, তাহলে সাধারণ ব্যবসায়ীদের নিরাপত্তা কোথায়-এমন প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাঁরা রাতের নিরাপত্তা জোরদার, নিয়মিত পুলিশি টহল এবং মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..