1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ উন্নয়নে শিক্ষকদের মনোযোগী হওয়ার আহ্বান

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

শিক্ষকদের দলাদলি ও বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে এসে শিক্ষার পরিবেশ উন্নয়নে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

তিনি বলেন, শিক্ষকতা কেবল জীবিকার পেশা নয়, এটি সম্মান ও নৈতিক দায়িত্বের জায়গা। এই পেশার মর্যাদা রক্ষায় শিক্ষকের পরিচয়ে বিভাজন কিংবা দলাদলিতে জড়ানো উচিত নয়।

মঙ্গলবার রাজধানীর তেজগাঁও কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ঢাকা জেলা পর্যায়ে ‘আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সরকারের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে অধিভুক্ত কলেজগুলোর শিক্ষকদের উদ্দেশে ড. আমানুল্লাহ বলেন, ‘দলাদলি বন্ধ করুন, নতুবা শিক্ষকতা ছেড়ে দিন। গত ১৭ বছরের ট্রমা থেকে বেরিয়ে আসতে হবে। সরকারের কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করুন এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করুন।’

শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, দক্ষতাভিত্তিক ও শিক্ষার্থীবান্ধব করতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস প্রোগ্রাম’, ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’, ‘গ্রিন ক্যাম্পাস’, স্কিল এডুকেশন এবং সোলার প্যানেলভিত্তিক কর্মসূচিতে শিক্ষকদের সক্রিয় সহযোগিতার আহ্বান জানান তিনি।

শিক্ষকদের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ বাড়ানোর বিষয়ে ভিসি জানান, শিক্ষকদের পিএইচডি স্কলারশিপের পরিমাণ ৪ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। পাশাপাশি ফুল-টাইম ও পার্ট-টাইম এমফিল এবং গবেষণার পরিধিও বিস্তৃত করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।

তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের মিডিয়া এন্ড থিয়েটার স্ট্যাডিজের সহকারী অধ্যাপক নওরীন সাজ্জাদ।

অনুষ্ঠানে সংগীত, নৃত্য, আবৃত্তি ও বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন ঢাকা জেলার ২৫টি কলেজের ৩৫৭ জন শিক্ষার্থী। জেলা পর্যায়ের বিজয়ীরা পরবর্তীতে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..