মোঃ আইনুল ইসলাম রাচচু,
টুঙ্গিপাড়া ইজিবাইক মালিক সমিতির নির্বাচনে মিঠু ও সেকেন্দারসহ চার প্রার্থী বিজয়ী
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ইজিবাইক মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে মিঠু সেখ, সাধারণ সম্পাদক পদে সেকেন্দার তালুকদার, সাংগঠনিক সম্পাদক পদে রাসেল মুন্সী এবং কোষাধ্যক্ষ পদে মুরাদ গাজী বিজয়ী হয়েছেন।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪১ জন। এর মধ্যে ৩১৮ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনের ফলাফল অনুযায়ী, সভাপতি পদে ফুটবল প্রতীকে মিঠু সেখ ২০৫ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত-কলম প্রতীকের শহিদুল ইসলাম শেখ পেয়েছেন ১০৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে ঘোড়া প্রতীকে সেকেন্দার তালুকদার ২৩৪ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইকেল প্রতীকের শফিকুল ইসলাম পেয়েছেন ৭৯ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হাস প্রতীকে রাসেল মুন্সী ১৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাতা প্রতীকের ইসহাক মোল্লা পেয়েছেন ১৪৫ ভোট।
অন্যদিকে, কোষাধ্যক্ষ পদে কলস প্রতীকে মুরাদ গাজী ২২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল পাখি প্রতীকের আরমান বিশ্বাস পেয়েছেন ৯৪ ভোট।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মামুন বিশ্বাস। প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন জীবনকৃষ্ণ চৌকিদার।
শুক্রবার ভোট গণনা শেষে প্রিজাইডিং অফিসার জীবনকৃষ্ণ চৌকিদার, প্রধান নির্বাচন কমিশনার মো. মামুন বিশ্বাস, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সি আইয়ুব আলীসহ নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে সবার সামনে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার মধ্য দিয়ে টুঙ্গিপাড়া ইজিবাইক মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের কার্যক্রম সম্পন্ন হয়।