ঝিনুক ইসলাম টাঙ্গাইল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী পরিকল্পিত অগ্নিসন্ত্রাস, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
বিকেলে টাঙ্গাইল শহরের বেপারীপাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ও টাঙ্গাইল শহর বিএনপির সাবেক সভাপতি মেহেদী হাসান আলিম।
বক্তব্যে অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, “খুনি, হত্যাকারী ও নৈরাজ্য সৃষ্টিকারী আওয়ামী লীগের এ দেশে কোনো ঠাঁই নেই। তারা দেশে সন্ত্রাস ও অগ্নিসন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।”
সমাবেশে বক্তারা বলেন, একটি মহল পরিকল্পিতভাবে দেশে সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টি করে বিদ্যমান স্থিতিশীল পরিবেশ বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে। দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো ষড়যন্ত্র রাজপথে থেকে মোকাবিলা করা হবে। বাংলাদেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের কোনো স্থান হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে শেখ হাসিনার দেশে প্রবেশ এবং তার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম ও রায় কার্যকরের প্রসঙ্গেও বক্তব্য দেন বক্তারা। এ সময় তারা ১৬ ডিসেম্বর শেখ হাসিনার বাংলাদেশে প্রবেশের প্রসঙ্গ তুলে ২৩ ডিসেম্বরের মধ্যে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় কার্যকরের দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাদিউজ্জামান সোহেল, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবিদ হাসান ইমন বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিক,শ্রমিক নেতা আনিসুর রহমান আনিস জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক রাকিব, রানা জেলা ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক ইসলাম বাবু ও হেলালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।