গফরগাঁও প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।
শনিবার বিকেলে গফরগাঁও উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মিছিল শেষে আয়োজিত সমাবেশে মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। তাঁর সংসদীয় এলাকায় কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বক্তব্যে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এলাকায় বিশৃঙ্খলা বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হলে বিএনপি তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।
সমাবেশে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।