রাহাতুজ্জামান ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ১নং চেঁচরীরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণ চেঁচরী গ্রামে সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে। অভিযুক্ত মিজানুর রহমান ওই এলাকার মৃত শাহেব আলী হাওলাদারের ছেলে এবং তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের চেঁচরীরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয়দের অভিযোগ, দলীয় প্রভাব খাটিয়ে তিনি এ অবৈধ কর্মকাণ্ড চালিয়েছেন।
স্থানীয়দের ভাষ্যমতে, প্রায় দুই মাস আগে মিজানুর রহমান রাস্তার পাশের সরকারি তিনটি চাম্পল গাছ কেটে বিক্রি করে দেন। গাছগুলোর গোড়ার দিকে ১৫ থেকে ২০ ফুট অংশ রেখে উপরের প্রায় সম্পূর্ণ অংশই কেটে ফেলা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত মিজানুর রহমান বলেন, “গাছগুলো আমার নিজস্ব মালিকানাধীন।” তবে স্থানীয়দের একাংশের দাবি, মিজানুর রহমান তার রাজনৈতিক পরিচয়ের প্রভাব খাটিয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে এই অবৈধ কাজটি করেছেন।
তবে এ বিষয়ে ইসলামী আন্দোলনের উপজেলা নেতৃবৃন্দ জানিয়েছেন, মিজানুর রহমান শুধুমাত্র নির্বাচনকালীন সময়ের জন্য দায়িত্বে ছিলেন এবং বর্তমানে তিনি কোনো পদে নেই।
অভিযোগের পরিপ্রেক্ষিতে কাঠালিয়া উপজেলা বনায়ন কর্মকর্তা আরিফুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি প্রাথমিক তদন্তে গাছগুলো সরকারি বলে নিশ্চিত করেছেন এবং এ বিষয়ে তাঁর দপ্তর থেকে কোনো ধরনের অনুমতি নেওয়া হয়নি বলে জানিয়েছেন।
উপজেলা বনায়ন কর্মকর্তা আরিফুর রহমান বলেন, “তদন্তে গাছগুলো সরকারি বলে প্রমাণিত হয়েছে। গাছ কাটার ক্ষেত্রে যথাযথ নিয়ম মানা হয়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”